কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনায় সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, রবিবার থেকে সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকবে। তবে রুট পারমিট থাকায় আরিচা হয়ে কিছু পরিবহন ঢাকায় চলাচল করছে।
ইমাদ পরিবহনের কাউন্টার ম্যানেজার সুকুমার জানান, ইমাদ, টুঙ্গিপাড়া, সোহাগ, এমআর ও এসপি গোল্ডেনসহ বিভিন্ন পরিবহনের পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে বাস চলাচল স্বাভাবিক হবে কি না, সে বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।
সাতক্ষীরা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মামুন হোসেন জানান, জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। যশোর, খুলনা, আশাশুনি ও শ্যামনগর রুটে যাত্রীবাহী বাস চলাচলে কোনো সমস্যা নেই।
তিনি আরও জানান, সাতক্ষীরা জেলার অভ্যন্তরে লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি। তবে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকায় ওই রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।


