...|...|...

সারাদেশ

কুমিল্লায় রাতভর পুলিশের অভিযান, গ্রেফতার ১৯৭

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, রাত ৮:০৩
Shares
কুমিল্লায় রাতভর পুলিশের অভিযান, গ্রেফতার ১৯৭

ছবি: টাইমস টুডে

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও যানবাহন ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলাজুড়ে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের ৬২ সদস্যসহ মোট ১৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত পৌনে ১১টার দিকে চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় নিষিদ্ধ সংগঠনের সদস্যরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় কুমিল্লা জেলা পুলিশের থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে গঠিত একাধিক দল রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশনায় জেলা পুলিশের নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলাজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে নিষিদ্ধ সংগঠনের ৬২ সদস্যসহ মোট ১৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ১৩৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৫৮ জনকে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতাসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ। অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার কথা জানিয়েছে পুলিশ।