যশোরের বাঘারপাড়া উপজেলার দরগাহপুর মহিলা আলিম মাদরাসায় বাল্যবিয়ের কারণে ব্যাহত হচ্ছে ছাত্রীদের শিক্ষাজীবন। প্রতিষ্ঠানটির আলিম দ্বিতীয় বর্ষের ২৭ জন এবং চলতি বছরের আলিম পরীক্ষায় অংশ নেওয়া আটজনসহ মোট ৩৫ ছাত্রীর সবাই বাল্যবিয়ের শিকার হয়েছেন বলে জানা গেছে। সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে নিয়মিত ক্লাসেও ফিরতে পারছেন না তারা। এর প্রভাব পড়েছে পরীক্ষার ফলাফলে।
চলতি বছর মাদরাসাটি থেকে আটজন ছাত্রী আলিম পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেননি কেউ। ফলাফল বিপর্যয়ের কারণ খুঁজতে গিয়ে উঠে এসেছে বাল্যবিয়ে, শ্রেণিকক্ষে অনুপস্থিতি ও শিক্ষক সংকটের বিষয়টি।
মাদরাসার অধ্যক্ষ আব্দুল কুদ্দুস জানান, ২০২৭ সালের আলিম পরীক্ষার জন্য ২০২৫ সালে ভর্তি হওয়া ২৭ ছাত্রীর সবারই বিয়ে হয়ে গেছে। তাদের মধ্যে মাত্র ১০ জন পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন। চলতি বছর পরীক্ষায় অংশ নেওয়া আট ছাত্রীও বিবাহিত। বিয়ের পর সংসারের নানা দায়িত্বের কারণে পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না তারা।
বাল্যবিয়ে বন্ধে নিজেদের অসহায়ত্বের কথাও তুলে ধরেন অধ্যক্ষ। তার দাবি, বিয়েতে বাধা দিলে অভিভাবকরা মেয়েদের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার কথা বলেন। এমনকি জন্মনিবন্ধনের প্রকৃত তথ্য গোপন করে ইউনিয়ন পরিষদের সনদে বয়স ১৮ বছর দেখিয়ে বিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।
এবারের আলিম পরীক্ষায় অংশ নেওয়া আট ছাত্রীর সবাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে তিনজন আইসিটির পাশাপাশি ইংরেজি, কোরআন ও হাদিস বিষয়েও পাস করতে পারেননি।
প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ নজরুল ইসলাম জানান, ২০২৩ সালে আইসিটি বিষয়ের শিক্ষক চলে যাওয়ার পর দীর্ঘদিন ওই পদে কেউ ছিলেন না। চলতি বছরের ১ জুন নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে ঘাটতি তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।
এ ছাড়া সাধারণ গণিত, সমাজবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, কৃষিশিক্ষা ও কোরআন বিষয়েও পর্যাপ্ত শিক্ষক নেই বলে জানান উপাধ্যক্ষ।
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত দরগাহপুর মহিলা আলিম মাদরাসায় প্রাথমিক থেকে আলিম পর্যন্ত পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটিতে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ২৫৪। এর মধ্যে আলিম দ্বিতীয় বর্ষে ২৭ জন, মাধ্যমিক পর্যায়ে ১১৬ জন এবং বাকিরা প্রাথমিক স্তরের শিক্ষার্থী। অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ প্রতিষ্ঠানটির ২৫ জন শিক্ষক-কর্মচারী সরকারি বেতন-ভাতা পান।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থীর সংখ্যা ধরে রাখতে পরিচিত ব্যক্তিদের মেয়েদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ভর্তি করান কোনো কোনো শিক্ষক। ফলে কাগজে-কলমে শিক্ষার্থী থাকলেও শ্রেণিকক্ষে তাদের উপস্থিতি থাকে না।
মাদরাসার সহকারী প্রভাষক আব্দুল হান্নান জানান, শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত না হলে শিক্ষকদের পক্ষে পাঠদান করা সম্ভব হয় না। অধিকাংশ ছাত্রী বিয়ের পর শ্বশুরবাড়িতে চলে যাওয়ায় ক্লাসে আসতে পারছেন না বলে দাবি করেন তিনি।
বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান জানান, খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিয়ে ইতোমধ্যে বৈঠক করা হয়েছে। সরকারি অর্থ ব্যয়ের পরও একটি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ না হওয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় ফলাফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত প্রতিবেদন জমা দিতে মাদরাসার অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।


