...|...|...

সারাদেশ

সকালে বেরিয়ে নিখোঁজ ব্যাংক কর্মচারী, সন্ধ্যায় নারকেল গাছের আগায় মিলল লাশ

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ভোর রাত ৪:৩৩
Shares
সকালে বেরিয়ে নিখোঁজ ব্যাংক কর্মচারী, সন্ধ্যায় নারকেল গাছের আগায় মিলল লাশ

সকালে বেরিয়ে নিখোঁজ ব্যাংক কর্মচারী, সন্ধ্যায় নারকেল গাছের আগায় মিলল লাশ। ছবি: টাইমস টুডে

সকালে গাছের ডাল কাটার কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন শহিদ ইসলাম (৫০) নামে এক ব্যাংক কর্মচারী। বিকেল পেরিয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজ করতে থাকেন। নিখোঁজের পর সন্ধ্যায় টর্চের আলোয় দেখা গেল নারকেল গাছের উপরে ডালে ঝুলে আছে তার লাশ।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের কোঁয়ার গ্রামের মজিদ বাড়িতে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে গাছের ডাল কাটার কাজে বাড়ি থেকে বের হন শহিদ ইসলাম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যায় পর একপর্যায়ে, তার মেয়ে বাড়ির আশপাশে খোঁজ করতে গিয়ে টর্চলাটের আলোয় দেখতে পান তার বাবা একটি নারকেল গাছের মাথায় ডালের উপর ঝুলে আছে। এসময় মেয়ের চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

খবর পেয়ে চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়দুল কবির বাহাদুর ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তিনি বলেন, লাশ উদ্ধারের জন্য প্রথমে শাহরাস্তি ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হলে জনবল সংকটের কথা জানানো হয়। পরে পার্শ্ববর্তী মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে অংশ নেন। তবে প্রয়োজনীয় উচ্চতার মই না থাকায় চাঁদপুর সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতা চাওয়া হয়। সেখান থেকে একটি দল বড় মই নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নারকেল গাছের মাথা থেকে লাশ নিচে নামিয়ে আনে। 

শাহরাস্তি ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত সোয়া ৮টার দিকে খবর পেয়ে, তারা এবং মনোহরগঞ্জ ফায়ার স্টেশন চাঁদপুর স্টেশনের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আধা ঘণ্টার প্রচেষ্টায় রাত পৌনে ১১টায় তার লাশ নিচে নামিয়ে আনে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদ ইসলাম হাজীগঞ্জের এসআইবিএল ব্যাংকে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে উগারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বাসেদ ও এএসআই আজাদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।