যশোরের চাঁচড়া বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২৯ নভেম্বর) রাতে মোটরসাইকেলে এসে তারা এ হামলা চালায়।
একটি পেট্রোল বোমা ট্রান্সফর্মারে আঘাত করলে আগুন ধরে যায়। তবে বিদ্যুৎ বিভাগের কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় ছড়িয়ে পড়ার আগেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। ফলে তেমন কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে জানান, ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল এসে কয়েক দুর্বৃত্ত পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর একটি ট্রান্সফর্মারে আঘাত হানে।
তিনি জানান, ওই সময় উপস্থিত বিদ্যুৎ কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, পুলিশের একটি সূত্র জানায়, নাশকতার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।
এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত বলে ধারণা করছে পুলিশ। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা হামলার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। চাঁচড়া বিদ্যুৎ উপকেন্দ্রটি ন্যাশনাল গ্রিডের সাথে সংযুক্ত। এখান থেকে যশোর শহরের একাংশে বিদ্যুৎ সরবরাহ করা হয়।


