...|...|...

রাজধানী

রাজধানীতে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের ৪ জনের মৃত্যু

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:০৫ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৪
Shares
রাজধানীতে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের ৪ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগানে একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হওয়া বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজন মারা গেছেন। তার নাম শামসুন্নাহার বেগম (৫০)। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার শামসুন্নাহারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে দেড় বছরের এক শিশুসহ আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ রোগীদের মধ্যে শুধু আব্দুর রহমানকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া সম্ভব হয়েছে।

গত ১৯ নভেম্বর কলাবাগানের কাঁঠালবাগানের ওই বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা দুটি পরিবারের সদস্য। একটি পরিবারের তিনজন হলেন দেড় বছরের শিশু আর এস রহমান, আব্দুর রহমান ও সাবা আক্তার। অন্য পরিবারের দুজন হলেন শামসুন্নাহার বেগম ও সানজিদা আক্তার। তারা ওই বাসায় সাবলেট হিসেবে ভাড়া থাকতেন।