বাংলাদেশ ও ভারতের কলকাতার স্বর্ণের বাজারে দামের ব্যবধান এখন প্রায় ১০ হাজার টাকা। একই মানের স্বর্ণ কিনতে কলকাতার তুলনায় বাংলাদেশের ক্রেতাদের বেশি অর্থ খরচ করতে হচ্ছে। যদিও সাম্প্রতিক সময়ে দুই বাজারেই মূল্যবান এই ধাতুর দাম কমেছে।
রবিবার (২২ নভেম্বর) কলকাতার বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা। বিপরীতে বাংলাদেশের বাজারে ভ্যাটসহ একই মানের এক ভরি স্বর্ণের গয়নার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। অর্থাৎ দুই বাজারের দামের পার্থক্য প্রায় ৯ হাজার ৯৬৪ টাকা।
কলকাতায় গত এক মাসে স্বর্ণের দামে বড় ধরনের পরিবর্তন এসেছে। অক্টোবরের শুরুতে সেখানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের মূল্য ছিল প্রায় ১৩ হাজার ৬৮০ রুপি। রবিবার সেই দাম নেমে এসেছে ১১ হাজার ৮৪০ রুপিতে। বর্তমানে প্রতি ভরির মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩৮ হাজার ১০২ রুপি।
অন্যদিকে, শনিবার রাতে বাংলাদেশেও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়েছে। রবিবার থেকে সংশোধিত এই দাম কার্যকর হয়েছে।
এদিকে বিয়ের মৌসুমে স্বর্ণের মূল্য কমার খবরে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে কলকাতার সাথে তুলনা করলে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম এখনো বেশি। ফলে একই মানের গয়না কিনতে বাংলাদেশি ক্রেতাদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে।


