কক্সবাজারে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে সৈকতের সমিতিপাড়া এলাকায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা বিচকর্মীদের খবর দেন।
খবর পেয়ে বিচকর্মীদের সুপারভাইজার মাহাবুবুর রহমান ঘটনাস্থলে যান। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং গায়ের রং দেখে তিনি নিশ্চিত হন, উদ্ধার হওয়া লাশটি নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের।
পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার স্বপরিবারে ট্রলারে করে সাগর পাড়ি দিতে গিয়ে নাজিরার টেক পয়েন্টে দুর্ঘটনার শিকার হন নিউজিল্যান্ডের ওই পরিবার। ট্রলার ডুবে পরিবারের চার সদস্য সাগরে ভেসে যান। স্থানীয় জেলেরা নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পুডন, তার স্ত্রী বেলা এবং সন্তান রালফকে উদ্ধার করেন। তবে পরিবারের ছোট সন্তান আলবার্টকে তখন খুঁজে পাওয়া যায়নি।
জানা গেছে, ২০২৪ সালে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসে নিউজিল্যান্ডের এই পরিবার। প্রায় দুই বছর ধরে তারা একটি কাঠের বিলাসবহুল নৌকা তৈরি করেন। তাদের উদ্দেশ্য ছিল ওই নৌকায় করে বিশ্ব ভ্রমণে বের হওয়া। কিন্তু যাত্রার শুরুতেই মঙ্গলবার সাগরের ঢেউয়ের তোড়ে নৌকাটি দ্বিখণ্ডিত হয়ে যায় এবং পরিবারের সদস্যরা সাগরে ভেসে যান।
উদ্ধার হওয়া তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। জানা গেছে, তাদের ভ্রমণ ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে। জীবিত উদ্ধার হওয়া তিনজনকে নিজ দেশে ফেরত পাঠানো হবে, নাকি তাদের বিষয়ে কোনো আইনি প্রক্রিয়া নেওয়া হবে, তা এখনো জানা যায়নি।


