রাস্তার পাশে মাটি খুঁড়ছিল একটি কুকুর। সেটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয় কৌতূহল। কাছে গিয়ে দেখা যায়, মাটির নিচে ব্যান্ডেজ করা মানুষের পায়ের অংশ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর দেওয়া হয় পুলিশে। পরে ঘটনাস্থলে গিয়ে মাটি সরিয়ে মানুষের একটি কাটা পা উদ্ধার করে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সকালে খুলনা নগরীর লবণচরা থানার মাদানীনগর এলাকায় একটি মাদরাসার পাশের রাস্তার ধারের গর্ত থেকে পায়ের অংশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, সকাল ১০টা থেকে ১১টার মধ্যে রাস্তার পাশে একটি গর্তে কুকুরকে মাটি খুঁড়তে দেখে তাদের সন্দেহ হয়। পরে সেখানে গিয়ে তারা মাটির নিচে ব্যান্ডেজ করা অবস্থায় মানুষের পায়ের অংশ দেখতে পান। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে ভিড় জমে যায়।
খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পায়ের অংশটি উদ্ধার করে। পরে ঘটনাস্থলে আসে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
উদ্ধার হওয়া পায়ের অংশটি কার-এখনও তার কোনো পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, এটি কোনো পুরুষের পা হতে পারে এবং দীর্ঘদিন আগে কেটে ফেলা হয়েছিল। ব্যান্ডেজের চিহ্ন থাকায় বিষয়টি নিয়ে আরও কৌতূহল তৈরি হয়েছে।
তবে ঘটনাটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন-কোথা থেকে এলো পা? কে মাটিচাপা দিল? এটি কি কোনো অপরাধের আলামত, নাকি চিকিৎসাজনিত কারণে অস্ত্রোপচারের পর ফেলে দেওয়া হয়েছে?
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ, ফরেনসিক টিম, সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা গিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাংগ্রিন, ক্যানসার বা অন্য কোনো রোগের কারণে অস্ত্রোপচারের মাধ্যমে পা কেটে ফেলা হয়ে থাকতে পারে।
তিনি বলেন, হাসপাতাল থেকে অস্ত্রোপচারের পর পায়ের অংশটি চিকিৎসাবর্জ্য হিসেবে অনিরাপদভাবে ফেলে দেওয়া হয়েছে কিংবা অন্য কোনোভাবে সেখানে রাখা হয়েছে-এমন সম্ভাবনাও রয়েছে।
ওসি আরও বলেন, এটি কার পা এবং কীভাবে সেখানে এসেছে, পরীক্ষা-নিরীক্ষার পর তা জানা যাবে। এ ধরনের ঘটনায় এলাকায় অযথা চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।
পায়ের অংশটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


