দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির পঞ্চম আসরের নিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পাননি। নিলামের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন পেসার নাহিদ রানা। প্রথমবারের মতো এই লিগে খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেয়নি। তবে নিলামের আগেই সরাসরি চুক্তিতে সানরাইজার্স ইস্টার্ন কেপে জায়গা করে নিয়েছেন লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন।
এসএ টোয়েন্টির পঞ্চম আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। এবারের নিলামের জন্য ৭৮৯ জন ক্রিকেটার নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গা পান ১৫৬ জন। তাদের মধ্যে ৯৫ জন দক্ষিণ আফ্রিকার এবং ৬১ জন বিদেশি ক্রিকেটার। বিদেশিদের তালিকায় বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ছিলেন নাহিদ রানা। তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড।
নিলামে নাহিদ রানা দল না পেলেও এই লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে রিশাদ হোসেনের মাধ্যমে। নিলামের আগেই তাকে সরাসরি চুক্তিতে দলে নেয় সানরাইজার্স ইস্টার্ন কেপ। দলটির ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো।
নাহিদ রানাকে নিয়ে নিলামের আগে প্রত্যাশা থাকলেও তার এসএ টোয়েন্টিতে খেলা নিয়ে বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার বিষয়টি নিয়েও সংশয় ছিল। এর আগে এনওসি না পাওয়ায় বিগ ব্যাশে খেলার প্রস্তাবও ফিরিয়ে দিতে হয়েছিল এই পেসারকে।
এদিকে রিশাদের পাশাপাশি অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শকেও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি লিগে এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলেননি। ফলে রিশাদ হোসেনের মাধ্যমে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
এসএ টোয়েন্টির পরবর্তী আসর শুরু হবে আগামী ৯ জানুয়ারি। টুর্নামেন্টটি চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। সানরাইজার্স ইস্টার্ন কেপে রিশাদের সতীর্থ হিসেবে থাকছেন কুইন্টন ডি কক, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, অ্যাডাম মিলনে, এনরিখ নরকিয়া, মিচেল মার্শ ও নান্দ্রে বার্গারের মতো আন্তর্জাতিক তারকারা।
সানরাইজার্স ইস্টার্ন কেপের স্কোয়াডে রিটেইন করা হয়েছে ম্যাথু ব্রিটজকে, জেমস কোলস, কুইন্টন ডি কক, লুইস গ্রেগরি, জর্ডান হারম্যান, মার্কো জানসেন, সিজি কিং, জেপি কিং, প্যাট্রিক ক্রুগার, অ্যাডাম মিলনে, সেনুরান মুথুসামি, এনরিখ নরকিয়া, লুথো সিপামলা, ত্রিস্টান স্টাবস ও মিচেল ভ্যান বুরেনকে।
প্রি-সাইনিংয়ের মাধ্যমে দলে এসেছেন মিচেল মার্শ ও রিশাদ হোসেন। আর নিলাম থেকে সানরাইজার্স ইস্টার্ন কেপ দলে নিয়েছে নান্দ্রে বার্গার ও ক্রেইগ ওভারটনকে।


