...|...|...

খেলা

এমবাপ্পের খেলার ধরন নিয়ে যা বললেন রোনালদো

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, সকাল ১০:১৮ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০৮
Shares
এমবাপ্পের খেলার ধরন নিয়ে যা বললেন রোনালদো

ছবি: সংগৃহীত

ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও মনে করেন, আধুনিক ফুটবলে তার খেলার ধাঁচের সবচেয়ে কাছাকাছি ফুটবলার হলেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। গতি, ড্রিবলিং এবং গোল করার অসাধারণ দক্ষতার কারণে এমবাপ্পের মধ্যে নিজের খেলার প্রতিচ্ছবি দেখতে পান বলে জানিয়েছেন তিনি।

চলমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন এমবাপ্পে। গ্রুপ পর্বের তিন ম্যাচে চার গোল ও দুটি অ্যাসিস্ট করে তিনি ফ্রান্সকে শেষ বত্রিশে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার এই পারফরম্যান্সই মুগ্ধ করেছে ২০০২ বিশ্বকাপজয়ী রোনালদোকে।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ-কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, এমবাপ্পের খেলায় তিনি নিজের অনেক বৈশিষ্ট্য খুঁজে পান। তার মতে, বর্তমানে বিশ্বের সেরা ফুটবলারদের একজন এমবাপ্পে এবং ভবিষ্যতে কিংবদন্তি হওয়ার সব সামর্থ্যই তার রয়েছে।

এমবাপ্পের পাশাপাশি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিরও প্রশংসা করেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। রোনালদোর ভাষ্য, শুধু গোল বা পরিসংখ্যান দিয়ে মেসি কিংবা এমবাপ্পের অবদান বিচার করা সম্ভব নয়। কারণ দুজনই এমন খেলোয়াড়, যারা এক মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

বিশ্বকাপে এমবাপ্পের দারুণ পারফরম্যান্সের ইতিবাচক প্রভাব পড়েছে তার ক্লাব রিয়াল মাদ্রিদের পরিসংখ্যানেও। এখন পর্যন্ত বিশ্বকাপে রিয়ালের খেলোয়াড়রা করেছেন মোট ১১ গোল। এর মধ্যে এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র করেছেন চারটি করে গোল। এছাড়া জুড বেলিংহাম ও আরদা গুলের যোগ করেছেন আরও তিনটি গোল। ফলে ১৯৯৮ বিশ্বকাপে রিয়াল ফুটবলারদের করা ১২ গোলের ক্লাব রেকর্ড স্পর্শ করার খুব কাছাকাছি পৌঁছে গেছে স্প্যানিশ জায়ান্টরা।

রোনালদোর মতে, বিশ্বকাপে এমবাপ্পের ধারাবাহিক পারফরম্যান্সই প্রমাণ করছে কেন তাকে মেসি-রোনালদো যুগের সবচেয়ে সম্ভাবনাময় উত্তরসূরিদের একজন হিসেবে দেখা হয়। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকারের এমন প্রশংসা এমবাপ্পের অর্জনকে আরও বিশেষ মর্যাদা দিয়েছে।