...|...|...

খেলা

৫ হলুদ কার্ড দেখেও নিষিদ্ধ হচ্ছেন না মেসি, নেপথ্যে কী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪৩
Shares
৫ হলুদ কার্ড দেখেও নিষিদ্ধ হচ্ছেন না মেসি, নেপথ্যে কী

ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারের বিশেষ নিয়মের কারণে পাঁচ হলুদ কার্ড দেখার পরও পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে না লিওনেল মেসিকে। সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে হলুদ কার্ড দেখলেও টুর্নামেন্টের নির্দিষ্ট নিয়মের সুবাদে আগামী ম্যাচে মাঠে নামতে পারবেন আর্জেন্টাইন মহাতারকা।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের ৪৪ মিনিটে স্যামুয়েল গুইদির ওপর ফাউল করায় রেফারি আরমান্দো ভিয়াররিয়াল মেসিকে হলুদ কার্ড দেখান। এর আগে কলোরাডো র‍্যাপিডস, অরল্যান্ডো সিটি, ন্যাশভিল ও আটলান্টার বিপক্ষে ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন তিনি। স্বাভাবিক নিয়মে পাঁচ হলুদ কার্ড পূর্ণ হওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ার কথা ছিল তার।

তবে এমএলএসের কার্ড গণনার নিয়মে ‘গুড বিহেভিয়ার’ বা ভালো আচরণের একটি বিশেষ ছাড় রয়েছে। এই নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার টানা পাঁচ বা তার বেশি ম্যাচ হলুদ কার্ড না দেখে খেলতে পারলে তার জমা হওয়া কার্ডের সংখ্যা থেকে একটি কার্ড বাদ দেওয়া হয়।

মেসির ক্ষেত্রে এর আগে দুবার এই নিয়ম কার্যকর হয়েছিল। ফলে সিনসিনাটির বিপক্ষে নতুন করে হলুদ কার্ড দেখলেও তার শাস্তিযোগ্য কার্ডের প্রকৃত সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে। এতে করে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না তাকে।

এই স্বস্তির খবরের ফলে আগামী সোমবার নিয়মিত মৌসুমের ৩৩তম ম্যাচডেতে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ইন্টার মায়ামির জার্সিতে নিয়মিতভাবেই মাঠে নামতে পারবেন লিওনেল মেসি।