...|...|...

খেলা

ফুটবলের জাদুকর ম্যারাডোনার জন্মদিন আজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, দুপুর ১:০৭
Shares
ফুটবলের জাদুকর ম্যারাডোনার জন্মদিন আজ

ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা। ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে নিজের অসাধারণ নৈপুণ্য আর নেতৃত্বগুণে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা। আজ ৩০ অক্টোবর তার জন্মদিন। বেঁচে থাকলে ৬৬ বছরে পা দিতেন আর্জেন্টিনার এই কিংবদন্তি। দারিদ্র্যের সাথে লড়াই করে উঠে এসে ফুটবলকে যেভাবে শাসন করেছেন, তাতে মৃত্যুর পরও ভক্তদের স্মৃতিতে অমলিন তিনি।

১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার বুয়েনস আইরেসের লানুসে জন্মগ্রহণ করেন ম্যারাডোনা। মাত্র ১৫ বছর ১১ মাস বয়সে ১৯৭৬ সালের ২০ অক্টোবর আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার। এরপর ১৯৭৭ সালের ফেব্রুয়ারিতে মাত্র ১৬ বছর বয়সে জাতীয় দলের জার্সিতে প্রথমবার মাঠে নামেন এই প্লে-মেকার।

বিশ্ব ফুটবলে ম্যারাডোনার শ্রেষ্ঠত্বের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় ১৯৮৬ সালের বিশ্বকাপ। তার নেতৃত্বেই মেক্সিকোর মাটিতে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্টে সাত ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে পাঁচটি গোল করান তিনি। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জেতেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।

১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুটি মুহূর্ত আজও ফুটবল ইতিহাসের অংশ হয়ে আছে। প্রথমটি বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল, আর দ্বিতীয়টি নিজের অর্ধ থেকে বল নিয়ে একে একে পাঁচ ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে করা অবিশ্বাস্য গোল। পরের গোলটি জায়গা করে নিয়েছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলের তালিকায়।

ক্লাব ফুটবলেও নিজের আলাদা ছাপ রেখে গেছেন ম্যারাডোনা। বার্সেলোনার হয়ে খেলার অধ্যায় শেষ করে ১৯৮৪ সালে যোগ দেন ইতালির নাপোলিতে। তখন ইতালীয় ফুটবলে নাপোলি বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত ছিল না। তবে ম্যারাডোনার আগমনে বদলে যেতে শুরু করে ক্লাবটির ইতিহাস।

তার নেতৃত্ব ও নৈপুণ্যে ১৯৮৬-৮৭ এবং ১৯৮৯-৯০ মৌসুমে সিরি আ শিরোপা জেতে নাপোলি। ১৯৮৭ সালে ইতালিয়ান কাপ এবং ১৯৮৯ সালে উয়েফা কাপও নিজেদের করে নেয় দলটি। দক্ষিণ ইতালির মানুষের কাছে ম্যারাডোনা হয়ে ওঠেন ভালোবাসা ও গর্বের প্রতীক।

আর্জেন্টিনার হয়ে চারটি বিশ্বকাপে অংশ নিয়েছেন ম্যারাডোনা। ১৯৮২, ১৯৮৬, ১৯৯০ ও ১৯৯৪ সালের বিশ্বকাপে খেলেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে ৯১ ম্যাচে করেছেন ৩৪ গোল। তবে তার শ্রেষ্ঠত্ব কেবল গোল, অ্যাসিস্ট কিংবা শিরোপার পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়। মাঠে তার নেতৃত্ব, সৃজনশীলতা ও খেলার ধরনই তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।

২০২০ সালের ২৫ নভেম্বর পৃথিবী থেকে বিদায় নেন ফুটবলের এই কিংবদন্তি। কিন্তু তার পায়ের জাদু, বিশ্বকাপজয়ী নেতৃত্ব আর অসাধারণ সব মুহূর্ত আজও ফুটবলপ্রেমীদের মনে জীবন্ত। ফুটবলের ইতিহাস যতদিন লেখা হবে, ততদিন স্মরণ করা হবে ডিয়েগো ম্যারাডোনাকে।