ক্রিকেট মাঠে খেলোয়াড়দের উদ্দেশে দর্শকদের নানা রকম বার্তা প্রায়ই দেখা যায়। কখনো প্রিয় খেলোয়াড়ের প্রশংসা, আবার কখনো মজার ছলে আবদারও করেন ভক্তরা। তবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্টে এক দর্শকের প্ল্যাকার্ড ঘিরে তৈরি হয়েছে হাস্যরস। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার রায়ান রিকেলটনকে উদ্দেশ করে ওই ভক্তের প্রশ্ন ছিল, ‘আপনার মা কি অবিবাহিত?’
কেপটাউনের নিউল্যান্ডসে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ঘটে এ ঘটনা। অস্ট্রেলিয়ার ইনিংসে জেরাল্ড কোয়েটজির ওভারে ব্যাট করছিলেন কুপার কনলি ও মিচেল স্টার্ক। এ সময় সম্প্রচারকারী প্রতিষ্ঠানের ক্যামেরায় ধরা পড়ে এক ভক্তের হাতে থাকা প্ল্যাকার্ড। সেখানে লেখা ছিল, ‘রায়ান রিকেলটন, আপনার মা কি অবিবাহিত?’
শুরুতে প্ল্যাকার্ডের বিষয়টি খেয়াল করেননি রিকেলটন। পরে সতীর্থরা তাকে মাঠের বড় পর্দার দিকে তাকানোর ইঙ্গিত দেন। পর্দায় নিজের উদ্দেশে লেখা প্রশ্নটি দেখে প্রতিক্রিয়া জানান দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার। এদিকে প্ল্যাকার্ড হাতে থাকা দর্শককে রিকেলটনের দিকে উড়ন্ত চুমু ছুড়তেও দেখা যায়।
পুরো ঘটনায় মাথা নাড়েন রিকেলটন। তবে তার মুখে ছিল মৃদু হাসি। মুহূর্তের মধ্যেই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দর্শকের এমন কাণ্ড নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয় আলোচনা ও হাস্যরস।
তবে মাঠের বাইরের এই মজার ঘটনা ছাড়াও ম্যাচে ব্যাট হাতে আলোচনায় ছিলেন রিকেলটন। প্রথম ইনিংসে ৮৩ বলে ৪২ রান করেন তিনি। তার দল দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩২৯ রান।
৩০ বছর বয়সী রিকেলটন সিরিজের প্রথম টেস্টে ডারবানে ওপেনার হিসেবে খেলেছিলেন। কিন্তু দুই ইনিংসে তার সংগ্রহ ছিল যথাক্রমে শূন্য ও ২ রান। এরপর তাকে ব্যাটিং অর্ডারের নিচের দিকে নামানো হয়।
গকেবেরহার দ্বিতীয় টেস্টে একবার ব্যাট করার সুযোগ পেয়েছিলেন রিকেলটন। সেই ইনিংসে করেন ৩১ রান। ম্যাচটিতে ইনিংস ব্যবধানে জয় পেয়ে সিরিজে সমতা ফিরিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
তৃতীয় টেস্ট শুরুর আগে অস্ট্রেলীয় ব্যাটারদের বিপক্ষে স্টাম্পের কাছাকাছি দাঁড়িয়ে উইকেটকিপিং করার কৌশল নিয়েও কথা বলেন রিকেলটন। তার মতে, উইকেটকিপার স্টাম্পের কাছে দাঁড়ালে ব্যাটারের মানসিকতায় পরিবর্তন আসে। বিশ্ব ক্রিকেটে এই কৌশলের ব্যবহারও দিন দিন বাড়ছে বলে মনে করেন তিনি।



