...|...|...

খেলা

ম্যারাডোনা স্টেডিয়ামে ফিরছে ফুটবল, উদ্বোধনী ম্যাচ আর্জেন্টিনা-জার্মানির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৪:০১ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৪:০২
Shares
ম্যারাডোনা স্টেডিয়ামে ফিরছে ফুটবল, উদ্বোধনী ম্যাচ আর্জেন্টিনা-জার্মানির

ছবি: সংগৃহীত

দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর আবারও ফুটবলের জন্য খুলছে আর্জেন্টিনার লা প্লাতার ঐতিহাসিক এস্তাদিও উনিকো ত্রিকাম্পেওনেস দেল মুন্দো-দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়াম। সংস্কারকাজ চলমান থাকলেও আগামী ২৯ নভেম্বর আর্জেন্টিনা ও জার্মানির নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরবে স্টেডিয়ামটি। ২০২৭ ব্রাজিল নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ম্যাচটি খেলবে দুই দল।

বুয়েনস আইরেস প্রদেশের রাজধানী লা প্লাতায় অবস্থিত স্টেডিয়ামটিতে আগামী ২৯ নভেম্বর মুখোমুখি হবে আর্জেন্টিনা ও জার্মানি। ২০২৩ সালে সংস্কারকাজের জন্য বন্ধ করে দেওয়ার পর থেকে সেখানে কোনো ক্রীড়া কার্যক্রম হয়নি। এবার দুই দলের প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে খুলবে স্টেডিয়ামটি।

স্টেডিয়ামটির পরিচালক ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুষ্ঠান ও প্রটোকল কমিটির সভাপতি ফার্নান্দো ইসলাস কাসারেস জানিয়েছেন, সংস্কারকাজের প্রায় ২৫ শতাংশ শেষ হয়েছে। তার আশা, ২০৩০ বিশ্বকাপের অন্যতম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে স্টেডিয়ামটি।

কাসারেস বলেন, ‘আমরা স্টেডিয়ামটির সংস্কারকাজের ২৫ শতাংশ সম্পন্ন করেছি। আমাদের বিশ্বাস, ২০৩০ বিশ্বকাপের অন্যতম ভেন্যু হবে এটি।’

মাঠের লড়াইয়েও ম্যাচটি দুই দলের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। এর আগে আর্জেন্টিনা ও জার্মানির নারী দল দুবার মুখোমুখি হয়েছে। প্রথমবার ২০০৩ সালে, এরপর ২০০৭ সালে ফিফা নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দেখা হয়েছিল তাদের। আগামী ২৯ নভেম্বরের ম্যাচটি হবে দুই দলের তৃতীয় লড়াই।

বিশ্ব র‍্যাংকিংয়ে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে জার্মানি। ফলে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। জার্মানির বিপক্ষে খেলার সুযোগকে নিজেদের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আর্জেন্টিনার কোচ হেরমান পোর্তানোভা।

পোর্তানোভা বলেন, ‘আমাদের দলের জন্য এটি দারুণ একটি পরীক্ষা। এই মানের একটি দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাই করার সুযোগ আমাদের প্রতিযোগিতামূলক থাকতে সাহায্য করবে। আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আমরা যে উন্নতি করছি, তা অব্যাহত রাখতেও এমন ম্যাচ গুরুত্বপূর্ণ। এর বাইরে, এই সুন্দর স্টেডিয়াম পুনরায় চালুর দিনে উপস্থিত থাকতে পারাটা হবে বিশেষ কিছু।’

জার্মানির নারী দলের কোচ ক্রিশ্চিয়ান ভুকও ম্যাচটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। তার মতে, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন ম্যাচ দলকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে এবং আন্তর্জাতিক ফুটবলে অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ তৈরি করে।

ভুক বলেন, ‘আমাদের ধারাবাহিক উন্নতির জন্য এ ধরনের ম্যাচ অত্যন্ত মূল্যবান। এগুলো আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে এবং আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। আমরা বিশ্বাস করি, এই অভিজ্ঞতা ও উপলব্ধি আমাদের জন্য অনেক কাজে আসবে।’