বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তার দায়িত্বে বড় ধরনের রদবদল করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে বদলি, কাউকে সংযুক্তি এবং কয়েকজনকে দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব।
সোমবার (৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেন সংস্থাটির ব্যবস্থাপক (পার্সোনেল) ওম্মে কুলছুম। নতুন দায়িত্বে যোগদানের বিষয়টি অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশ অনুযায়ী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কার্যালয়ে সংযুক্ত থাকা বোসরা ইসলামকে পরিচালক প্রশাসন ও মানবসম্পদের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) ইকবাল আহমেদ আলীকে মহাব্যবস্থাপক (কার্গো) পদে বদলি করা হয়েছে। আর মহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) এ.এইচ.এম. শফিউল বারীকে দেওয়া হয়েছে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে দায়িত্ব।
এদিকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদে মূল দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ তাকে মহাব্যবস্থাপক (জনসংযোগ) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদে থাকা মহিউদ্দিন আহমেদকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে বদলি করা হয়েছে।
ক্যাপ্টেন বি-৭৮৭ হিসেবে দায়িত্ব পালনকারী এবং উপমহাব্যবস্থাপক (কর্পোরেট প্ল্যানিং) পদে অতিরিক্ত দায়িত্বে থাকা শেখ আব্বাস হোসেনকে নতুন করে মহাব্যবস্থাপক (পরিকল্পনা) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমান ক্যাপ্টেন বি-৭৮৭-এর মূল দায়িত্বের পাশাপাশি কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাও প্রয়োগ করবেন।
উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) খন্দকার বাকী উদ্দিন আহমদকে মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) পদে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এতদিন মহাব্যবস্থাপক, প্রশাসন পদে ভারপ্রাপ্ত দায়িত্বও পালন করছিলেন।
অন্যদিকে উপমহাব্যবস্থাপক (হিসাব) এম. এম. আরিফুর রহমানকে উপমহাব্যবস্থাপক (কর্পোরেট প্ল্যানিং) পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাকে কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিংয়ের দায়িত্বও দেওয়া হয়েছে। তিনি এর আগে মহাব্যবস্থাপক, অর্থ ও হিসাব পদে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছিলেন।
উপমহাব্যবস্থাপক, প্রশাসন (মানবসম্পদ) মো. ফজরুল আলমকে উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ) পদে দায়িত্ব দেওয়ার পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া উপমহাব্যবস্থাপক (বিকেএফসিসি) এ জেড এম আরিফকে উপমহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) পদে বদলি করা হয়েছে।
আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দায়িত্ব অনুযায়ী অবিলম্বে দায়িত্ব গ্রহণ করে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।


