...|...|...

জাতীয়

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের তথ্য, শুনে হাসলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, রাত ২:৪৬
Shares
ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের তথ্য, শুনে হাসলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের তথ্য, শুনে হাসলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরে ভারত সফর নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বরং এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি হেসে ওঠেন। তবে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। জানিয়েছেন, সফরের সময়সূচি নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এসব জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফর হতে পারে ভারতীয় সংবাদমাধ্যমের এমন খবরের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, গুঞ্জনের ভিত্তিতে তিনি কোনো মন্তব্য করতে চান না। বাংলাদেশের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পেতে হলে বাংলাদেশের পক্ষ থেকেই জানতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলমান রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দুই দেশের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পর্যায়ে সংলাপ এবং কূটনৈতিক যোগাযোগ অব্যাহত আছে। এসব আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো কাটিয়ে একটি ইতিবাচক ও গ্রহণযোগ্য পরিবেশ তৈরির চেষ্টা চলছে।

শীর্ষ পর্যায়ের সংলাপ কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফর হলে তখনই শীর্ষ পর্যায়ের সংলাপ হবে। তার আগে কর্মকর্তাদের পর্যায়ে আলোচনা চালিয়ে একটি চূড়ান্ত ও গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করা প্রয়োজন। এ ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত দুই পক্ষকেই উদ্যোগী হতে হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেও এখনো তারিখ ও সময়সূচি চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। দুই দেশের আলোচনার মাধ্যমে সফরের দিনক্ষণ নির্ধারণের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।

ভারতের সাথে সম্পর্কের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন হুমায়ুন কবির। তার ভাষ্য, বাংলাদেশ সংলাপ ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমেই এসব সমস্যার সমাধান করতে চায়। ভারতের সাথে খোলামেলা আলোচনা অব্যাহত রাখলে দুই দেশই পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ যেমন সংযম দেখাচ্ছে, তেমনি ভারত সরকারের কাছ থেকেও একই ধরনের সহযোগিতা প্রত্যাশা করছে ঢাকা।

এদিকে নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।