ভারতের কলকাতা থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে উড্ডয়নের ঠিক আগে ছিনতাইয়ের হুমকি পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (১১ নভেম্বর) সকালে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে বিমানটি রানওয়ে থেকে সরিয়ে আইসোলেশন বে-তে নেয়া হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা ২০ মিনিটে মুম্বাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ ফ্লাইটটির। উড্ডয়নের ঠিক আগে বিমানের ভেতরে ছিনতাইয়ের হুমকি লেখা একটি চিরকুট পাওয়া যায়। বিষয়টি জানার পর পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) সতর্কবার্তা পাঠান।
এরপর দ্রুত বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নির্ধারিত আইসোলেশন বে-তে নেওয়া হয়। যাত্রীদের বিমান থেকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
খবর পেয়ে বিমানবন্দরে পৌঁছান কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) এবং বিমানবন্দরের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা। বিমানের ভেতরে তল্লাশির পাশাপাশি যাত্রীদের মালপত্র পরীক্ষা ও নিরাপত্তা যাচাই চলছে।
নিরাপত্তা পরীক্ষা শেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত বিমানটির উড্ডয়নের অনুমতি দেওয়া হবে না বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।


