ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে একদিনে ৪২৭ যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। শুক্রবার থেকে শুরু হওয়া এসব অভিযানে ১৪২টি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস বা অকেজো করা হয়েছে বলেও জানিয়েছে তারা।
সংবাদমাধ্যম আরব নিউজ বলছে, শনিবার এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক মুখপাত্র জানান, ‘ডন অব ইয়েমেন’ বা ‘ইয়েমেনের ভোর’ কর্মসূচির আওতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। এতে যুদ্ধবিমান, ড্রোন, কামান ও রকেট লঞ্চার ব্যবহার করা হয়।
বিবৃতিতে বলা হয়, হুথি নেতা ও তাদের জমায়েত, সামরিক অবস্থান, চলাচল, নতুন সৈন্য সমাবেশ, গোলাবর্ষণের কেন্দ্র এবং সরবরাহ রুট লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে।
সরকারি বাহিনীর দাবি, এসব হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়ে আল-জওফ প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। অন্যান্য যুদ্ধক্ষেত্রেও হুথিদের বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত রয়েছে।
তাইজ প্রদেশে সরকারি বাহিনী ও তাদের মিত্র পপুলার রেজিস্ট্যান্স যোদ্ধারা হুথিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। সেখানে বিমান হামলা ও কামানের গোলার সহায়তায় হুথিদের চলাচল এবং নতুন সৈন্য সমাবেশে আঘাত হানা হচ্ছে।
ইয়েমেনের সামরিক মুখপাত্র জানিয়েছেন, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেই অভিযান অব্যাহত রাখা হবে।


