ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে বিরোধী দলগুলো ক্ষমতায় এলেও ফিলিস্তিনিদের পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশ্লেষক মুহাম্মদ শেহাদা। তিনি বলেন, গাজা নিয়ে ইসরায়েলের বিরোধী দলগুলোর নীতি নেতানিয়াহুর অবস্থান থেকে খুব একটা আলাদা নয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের ভিজিটিং ফেলো মুহাম্মদ শেহাদা।
তিনি বলেন, ‘ইসরায়েলের বিরোধী দলগুলো সবসময় কোনো কিছুর পক্ষে নয়, বরং কোনো কিছুর বিপক্ষে অবস্থান নেয়। তারা বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধিতা করছে, আর সেটিই তাদের ঐক্যবদ্ধ করেছে। কিন্তু গাজা নিয়ে নীতির ক্ষেত্রে নেতানিয়াহুর সাথে তাদের খুব একটা পার্থক্য নেই।’
শেহাদা বলেন, ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনায় থাকা বিরোধী নেতা গাদি আইজেনকোট অতীতে দেশটির সামরিক বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ ও ২০১৯ সালে গাজা সীমান্তে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণের সময়ও তিনি সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন।
তিনি বলেন, ওই সময়ে ইসরায়েলি স্নাইপারদের গুলিতে ৩৪ হাজারের বেশি শান্তিপূর্ণ ফিলিস্তিনি বিক্ষোভকারী আহত ও পঙ্গুত্বের শিকার হন।
আইজেনকোটের সামরিক কৌশলের সমালোচনা করে শেহাদা বলেন, তিনি ‘দাহিয়েহ ডকট্রিন’ নামে পরিচিত একটি সামরিক নীতির প্রবর্তক। এই নীতির মূল উদ্দেশ্য বেসামরিক স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে প্রতিপক্ষকে আত্মসমর্পণে বাধ্য করা বলে দাবি করেন তিনি।
শেহাদার মতে, এমন অতীত ও সামরিক অবস্থানের কারণে আইজেনকোটের নেতৃত্বে নতুন সরকার গঠিত হলেও ফিলিস্তিনিদের জন্য আশাব্যঞ্জক পরিবর্তনের সম্ভাবনা খুব কম।
তবে নেতানিয়াহুর বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু পরিস্থিতিকে এতটাই নিচে নামিয়েছেন যে, বর্তমানে ইসরায়েল শাসন করা ফ্রাঙ্কেনস্টাইনের মতো জোটের তুলনায় অন্য যে কেউ অনেক ভালো হতে পারেন।’
এদিকে গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বিরোধী নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের প্রথম সুযোগ দিয়েছেন।


