...|...|...

বিশ্ব

ইসরায়েলি যাত্রীদের উদ্ধারে বিমান পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যান সৌদির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, সকাল ৯:২২
Shares
ইসরায়েলি যাত্রীদের উদ্ধারে বিমান পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যান সৌদির

ছবি: সংগৃহীত

সৌদি আরবে জরুরি অবতরণ করা দুবাইয়ের একটি ফ্লাইটের ইসরায়েলি যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে ইসরায়েল থেকে বিমান পাঠানোর অনুরোধ জানিয়েছিল তেল আবিব। কিন্তু সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুই নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। খবর রয়টার্সের।

ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে সামরিক বিমান দিয়ে ইসরায়েলি নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য এই বিশেষ অনুরোধ করা হয়েছিল বলে জানিয়েছে ওই সূত্রগুলো। এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে সৌদি সরকারের মিডিয়া অফিস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী তাদের ‘সুপার হারকিউলিস’ বিমান পাঠিয়ে আটকে পড়া ইসরায়েলি যাত্রীদের ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছিল। তবে শেষ পর্যন্ত ফ্লাইদুবাই-এর নিজস্ব ব্যবস্থায় ওই যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিমান সংস্থাটি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার জানিয়েছেন, দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানের কো-পাইলট মূল পাইলটকে ছুরিকাঘাত করে প্লেনটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু যাত্রীদের সাহসিকতায় তাকে ধরে ফেলা হয় এবং অন্য পাইলটরা অত্যন্ত দক্ষতার সাথে সৌদি আরবে বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যুক্ত হওয়ার জন্য চাপ দিয়ে আসছেন। এই চুক্তির আওতায় বেশ কয়েকটি আরব রাষ্ট্র ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। তবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুনির্দিষ্ট পথরেখা ছাড়া এই চুক্তিতে যোগ দেওয়ার সম্ভাবনা বরাবরই নাকচ করে দিয়েছে রিয়াদ।

এদিকে, ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরকালে প্রধানমন্ত্রী নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কর্মকর্তাদের পাশাপাশি এক সৌদি কর্মকর্তার সঙ্গেও বৈঠক করেছেন। তবে বুধবার এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা এই বৈঠকের খবর সম্পূর্ণ অস্বীকার করেছেন।