ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি গ্রামে ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারী ও সেনাদের হামলায় দুই ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বুধবার আল-মুগাইয়ির গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ১৯ বছর বয়সী ওমর আল-নাসান ও ১৬ বছর বয়সী খলিল আবু আলিয়া।
গ্রাম পরিষদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ভেড়া নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দিতে যান ওই দুই কিশোর। পরে দখলদার ও ইসরায়েলি বাহিনীর গুলিতে তারা নিহত হন।
জাতিসংঘের হিসাবে, চলতি বছর পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হাতে অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ২৩ জন বসতি স্থাপনকারীদের হামলার ঘটনায় নিহত হয়েছেন।
সম্প্রতি পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর প্রতিদিন গড়ে তিনটির বেশি হামলার ঘটনা ঘটছে। রামাল্লার কাছে আল-মুগাইয়ির গ্রামটিও বারবার এমন হামলার শিকার হয়েছে।
এদিকে বসতি স্থাপনকারীদের হামলার সময় ইসরায়েলি সেনাদের ভূমিকা নিয়েও সমালোচনা বাড়ছে।
১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। এরপর সেখানে প্রায় ১৬০টি বসতি গড়ে তোলা হয়েছে, যেখানে প্রায় সাত লাখ ইহুদি বসবাস করেন। আন্তর্জাতিক আইনে এসব ইসরায়েলি বসতিকে অবৈধ ঘোষণা করা হয়েছে।


