...|...|...

বিশ্ব

ইরান যুদ্ধে এআই ব্যবহারের ব্যাখ্যা চাইলেন মার্কিন সিনেটর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৭
Shares
ইরান যুদ্ধে এআই ব্যবহারের ব্যাখ্যা চাইলেন মার্কিন সিনেটর

কার্স্টেন গিলিব্র্যান্ড। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে লক্ষ্যবস্তু নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা হয়েছিল কি না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন মার্কিন ডেমোক্রেটিক পার্টির সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড। একই সাথে সামরিক অভিযানে এআই ব্যবহারের ক্ষেত্রে মানুষের নজরদারি ও নিয়ন্ত্রণ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।

গিলিব্র্যান্ডের আশঙ্কা, লক্ষ্যবস্তু চিহ্নিত করতে এআইয়ের ভুল সিদ্ধান্ত বেসামরিক মানুষের প্রাণহানির কারণ হতে পারে।

নিউ ইয়র্কের এই সিনেটর বলেন, শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করতে এআই কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে হামলার লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে প্রযুক্তিটি ভুল করলে তার পরিণতি ভয়াবহ হতে পারে।

তার মতে, সামরিক ক্ষেত্রে ব্যবহৃত এআই-সক্ষম অস্ত্রব্যবস্থা কতটা নির্ভরযোগ্য এবং এসব ব্যবস্থার ওপর মানুষের কার্যকর নজরদারি কীভাবে নিশ্চিত করা হচ্ছে, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা প্রয়োজন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সিনেটের সশস্ত্র বাহিনী ও গোয়েন্দাবিষয়ক কমিটির পর্যালোচনা করা উচিত বলেও মনে করেন তিনি।

গিলিব্র্যান্ড বলেন, দ্রুত কাজ শেষ করার তাগিদে বিদেশের কোনো মেয়েদের স্কুলে বোমা হামলা হোক, তা আমি চাই না। কারণ, এআই হয়তো স্কুল ও অন্য লক্ষ্যবস্তুর মধ্যে পার্থক্য বুঝতে পারেনি। সেখানে হয়তো মানুষের নজরদারি ছিল না, কিংবা তারা ১০ বছর আগের তথ্য ব্যবহার করেছে।

তবে ইরান যুদ্ধে লক্ষ্যবস্তু নির্ধারণে এআই ব্যবহার করা হয়েছিল—এমন কোনো প্রমাণ এখনও তাদের হাতে নেই বলে জানান তিনি।

সিনেটর বলেন, এ ধরনের কাজে এআইয়ের সম্পৃক্ততা ছিল বলে বিশ্বাস করার কোনো কারণ এখন আমাদের নেই। তবে বিষয়টি নিশ্চিতভাবে জানতে হবে।

এআইয়ের ভুল বা মনগড়া তথ্য তৈরির প্রবণতা, যাকে ‘হ্যালুসিনেশন’ বলা হয়, নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গিলিব্র্যান্ড। তার ভাষায়, মানুষকে হত্যার বিষয় যখন আসে, তখন আপনি নিশ্চয়ই এআইয়ের হ্যালুসিনেশন চান না।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধের শুরুর দিকে দেশটির দক্ষিণাঞ্চলে একটি মেয়েদের স্কুলে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ১৭০ জনের বেশি মানুষ নিহত হন, যাদের বেশির ভাগই ছিল স্কুলছাত্রী।

ওই হামলার দায় থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করে এসেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তবে হামলার ঘটনায় পাওয়া তথ্য-প্রমাণ ক্রমেই যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার দিকে ইঙ্গিত করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই স্কুলে হামলার ঘটনাকে কেন্দ্র করেই সামরিক অভিযানে এআই ব্যবহারের নির্ভরযোগ্যতা, লক্ষ্যবস্তু নির্ধারণে প্রযুক্তির সীমাবদ্ধতা এবং মানুষের তদারকির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেটর গিলিব্র্যান্ড।