গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মুখোমুখি বৈঠকে মিলিত হন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (৩১ আগস্ট) কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের এ বৈঠক হয়।
সংবাদ সংস্থা সিয়াসাত ডেইলির বরাতে ভারতের ইরানি দূতাবাস এক্স-এ দেওয়া এক পোস্টে জানায় যে দুই নেতা সাক্ষাৎ করে আলোচনা করেছেন, তবে তাৎক্ষণিকভাবে আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।
এক্স-এ দেওয়া এক পৃথক পোস্টে নরেন্দ্র মোদি জানান যে দুই নেতা অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত প্রচেষ্টাগুলোকে ভারত সমর্থন করে যাবে।
মোদি আরও জানান, তিনি বিভিন্ন খাতে ইরানের সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব আরও জোরদার করার ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
তিনি আরও বলেন, আগামী বছরগুলোতে ভারত ইরানের সাথে তাদের বাণিজ্য পরিধি প্রসারিত ও বহুমুখী করতে চায়।
সোমবারের এই বৈঠকের আগে দ্বন্দ্ব চলাকালীন টেলিফোনে যোগাযোগ বজায় রেখেছিলেন মোদি ও পেজেশকিয়ান।


