ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ হয়েছে বলে খবর প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। সেই প্রতিবেদনের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, দুই নেতার কথোপকথন ছিল অত্যন্ত কঠিন ও সংঘাতপূর্ণ। তবে উত্তপ্ত বাক্যবিনিময়ের দাবি নাকচ করেছে নেতানিয়াহুর দপ্তর।
মঙ্গলবার (১০ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহান্তে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ওই ফোনালাপ হয়। কথোপকথন সম্পর্কে অবগত সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ জানায়, আলোচনার প্রধান বিষয় ছিল ইরান এবং দেশটির বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করার সম্ভাবনা নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মতপার্থক্য।
একটি সূত্র ফোনালাপটিকে “চিৎকার-চেঁচামেচিতে ভরা এক নারকীয় কথোপকথন” বলে বর্ণনা করেছে। তবে নেতানিয়াহুর দপ্তর এই বিবরণ প্রত্যাখ্যান করে বলেছে, “ভুয়া খবর, সম্পূর্ণ বাজে কথা।”
ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দুই নেতার ফোনালাপ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার দাবি, কথোপকথন কঠিন ছিল না। অর্থাৎ ফোনালাপ হওয়ার বিষয়টি স্বীকার করলেও সেটি উত্তপ্ত হওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি পক্ষ।
এর এক দিন আগে ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আবার শুরু করতে ট্রাম্পকে ‘প্রতিদিন’ ফোন করছেন নেতানিয়াহু। আলোচনা সম্পর্কে অবহিত একজন ব্যক্তির বরাতে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যমটি।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, নেতানিয়াহুর অব্যাহত তদবিরে উদ্বিগ্ন আরব ও মুসলিম দেশগুলোর নেতারা। নতুন করে সামরিক অভিযান চালানোর পরিবর্তে কূটনৈতিক উদ্যোগকে অগ্রাধিকার দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানাচ্ছেন আঞ্চলিক নেতারা।
সোমবার ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্ররা তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের বিরোধী। সংঘাত অবসানের পথে ‘ইতিবাচক অগ্রগতি’ হচ্ছে উল্লেখ করে তিনি জানান, ইরানে নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা আপাতত খুবই কম।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করার তাৎক্ষণিক প্রয়োজন দেখছে না ওয়াশিংটন। তাঁর ভাষ্য, অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জিত হচ্ছে।
রুবিও জানান, তেহরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। তবে ইরান ওয়াশিংটনের নির্ধারিত ‘রেড লাইন’ অতিক্রম করলে জবাব দিতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেন তিনি।
অন্যদিকে কাতার মঙ্গলবার জানিয়েছে, চলমান মধ্যস্থতার উদ্যোগে ওয়াশিংটন ও তেহরান—দুই পক্ষের কাছ থেকেই ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরবর্তী সময়ে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয় এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হয়। তবে আলোচনা এখনো সংঘাতের চূড়ান্ত নিষ্পত্তি আনতে পারেনি।



