...|...|...

বিশ্ব

ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের নতুন ঘোষণা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সকাল ৬:৫২
Shares
ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের নতুন ঘোষণা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে কোনো সামরিক হামলার পরিকল্পনা আপাতত নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান কূটনৈতিক প্রচেষ্টা সঠিক পথেই এগোচ্ছে উল্লেখ করে তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে নিজের প্রশাসনের সফলতার কথা আবারও মনে করিয়ে দিয়েছেন তিনি। 

সোমবার (২ নভেম্বর) ওয়াশিংটনে আয়োজিত এক নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা ট্রাম্পের কাছে জানতে চান, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর তেহরানের ওপর নতুন কোনো সামরিক অভিযান চালানোর কথা তার মাথায় আছে কি না। এর জবাবে দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি ‘না’ সূচক জবাব দেন।

বক্তৃতায় ট্রাম্প দৃঢ়তার সাথে বলেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া যাবে না। তার দাবি, তেহরানের নীতিনির্ধারকরাও বিষয়টি এরই মধ্যে বুঝতে পেরেছেন। এ সময় ভোটারদের উদ্দেশে তিনি আহ্বান জানান, ব্যালট পেপারে ভোট দেওয়ার সময় ইরানকে পারমাণবিক শক্তি হওয়া থেকে ঠেকিয়ে রাখতে তার প্রশাসনের নেওয়া জোরালো পদক্ষেপগুলোর কথা যেন তারা বিবেচনায় রাখেন।

ট্রাম্প বলেন, তেহরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে দূরে রাখা অত্যন্ত জরুরি। অন্যথায় দেশটি ‘আর কখনও আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে না।

এ প্রসঙ্গে তিনি বিগত দিনে তার প্রশাসনের নেওয়া কঠোর সামরিক পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ঠিক এক বছর আগেই আমরা বি-২ বোমারু বিমানের সাহায্যে সেই অপচেষ্টা আটকে দিয়েছিলাম। আমাদের যুদ্ধবিমানগুলো প্রতিটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হেনেছিল।

এদিকে ইরানের সাথে কূটনৈতিক সমঝোতার প্রক্রিয়াটি ‘খুব ভালোভাবেই অগ্রসর হচ্ছে’ বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সম্ভাব্য এই চুক্তির খবরের সাথে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম হ্রাসের সরাসরি যোগসূত্র রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।

ট্রাম্প বলেন, আমার জোরালো বিশ্বাস, এই আশাব্যঞ্জক পরিবেশের কারণেই বিশ্ববাজারে তেলের দাম এত দ্রুত ও নাটকীয়ভাবে কমে যাচ্ছে।