ইরানের বিরুদ্ধে আকাশ ও নৌশক্তি প্রত্যাশিত ফল না দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত স্থলবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিতে পারেন। সম্প্রতি সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক রবার্ট পেপ।
রবার্ট পেপ বলেন, আগামী কয়েক দিন বা সপ্তাহের মধ্যে ট্রাম্প হয়তো স্থল অভিযান শুরু করবেন না। তবে তিনি ইতোমধ্যেই আকাশ ও নৌবাহিনীর সীমাবদ্ধতা বুঝতে পেরেছেন। ফলে এখন তার সামনে একমাত্র বিকল্প স্থলশক্তি।
‘এসকেলেশন ট্র্যাপ’ তত্ত্বের লেখক পেপের মতে, স্থল অভিযানও যে ইরানের বিরুদ্ধে সফল হবে, তা বলা যায় না। তবে পরিস্থিতি এমন একপর্যায়ে পৌঁছেছে যে সংঘাত আরও বাড়ানো ছাড়া ট্রাম্পের সামনে অন্য কোনো পথ নেই।
এই বিশ্লেষকের ভাষ্য, ট্রাম্পের সামনে এখন দুটি পথ—সংঘাত বাড়িয়ে যাওয়া অথবা পিছু হটা। যদি তিনি পিছু হটেন, তবে ইরান বৈশ্বিক শক্তির অন্যতম কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে। এটি ট্রাম্পের জন্য বড় ধরনের রাজনৈতিক পরাজয় হবে এবং তার রাজনৈতিক উত্তরাধিকারের ওপরও প্রভাব ফেলবে।
তবে এটি রবার্ট পেপের নিজস্ব বিশ্লেষণ। সম্ভাব্য এই স্থল অভিযানের বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।


