...|...|...

বিশ্ব

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, রাত ১০:৪০ | আপডেট: ৬ অক্টোবর ২০২৬, রাত ১১:৪৭
Shares
ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। একই সাথে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাথে গোয়েন্দা তথ্য বিনিময় ও অভিযানসংক্রান্ত সমন্বয় অব্যাহত রেখেছে দেশটি। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ইসরায়েল হায়োম’-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালানো কিংবা তেহরানের কোনো হামলার পাল্টা জবাব দেওয়ার সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় যেতে পারে-এমন সম্ভাবনা তুলনামূলক কম বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি এখনো ইসরায়েলের অন্যতম প্রধান নিরাপত্তা উদ্বেগ। সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কায় এ বিষয়ে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এর মধ্যেই ইসরায়েলি নিউজ ওয়েবসাইট ‘ওয়ালা’ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়লে তা মোকাবিলায় ইসরায়েলে অতিরিক্ত সেনা ও সামরিক বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব অতিরিক্ত সদস্য ও সরঞ্জাম পাঠানো হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়ালা জানিয়েছে, বর্তমানে ইসরায়েলে প্রায় ৩ হাজার মার্কিন সামরিক সদস্য অবস্থান করছেন। তাদের মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনাকারী সেনা ছাড়াও পাইলট, সহায়ক কর্মী এবং লজিস্টিকস বা রসদ ব্যবস্থাপনায় নিয়োজিত সদস্য রয়েছেন।

ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর উদ্যোগ নেওয়ায় আগামী সপ্তাহগুলোতে ইসরায়েলে আরও মার্কিন সেনা ও বিমান মোতায়েন হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী সম্ভাব্য নতুন সংঘাত ও আঞ্চলিক উত্তেজনা মোকাবিলার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

তবে সামরিক প্রস্তুতির এমন খবরের মধ্যেই কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার বার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত রবিবার বলেছেন, তেহরান একটি ন্যায্য সমাধান অর্জনের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত।

এর আগে গত সেপ্টেম্বরের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কাতারের মধ্যস্থতাকারীদের সাথে বৈঠক করে ইরান। ওই বৈঠকে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে ওয়াশিংটনের কাছে সাতটি শর্ত তুলে ধরে তেহরান।

তবে পরবর্তী সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া শর্তগুলো মেনে নেয়নি।