...|...|...

বিশ্ব

ইরানে একযোগে ৩৫০ অজ্ঞাত শহীদের দাফন সম্পন্ন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫০
Shares
ইরানে একযোগে ৩৫০ অজ্ঞাত শহীদের দাফন সম্পন্ন

ছবি: সংগৃহীত

ইরাকের সাথে ১৯৮০ থেকে ১৯৮৮ সালের যুদ্ধের সময় নিহত ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তির দাফন ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ইরানের বিভিন্ন স্থানে। এর মধ্যে শুক্রবার রাজধানী তেহরানে ১১০ জনের দেহাবশেষ নিয়ে বড় ধরনের শোকযাত্রা বের করা হয়।

হজরত ফাতেমা জাহরা (সা.)-এর শাহাদাতবার্ষিকীর সাথে মিল রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ১১০ জন অজ্ঞাত শহীদের দেহাবশেষ নিয়ে শোকযাত্রা শুরু হয়। পরে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোকযাত্রায় অংশ নেন বিপুলসংখ্যক মানুষ।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ফাক্কেহ, শারহানি, শালামচেহ, মাজনুন দ্বীপ, মেহরান, টাইগ্রিস নদীর পূর্বাঞ্চল এবং চিলাতের সাবেক যুদ্ধক্ষেত্র থেকে এসব দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

তেহরানের পাশাপাশি ইরানের বিভিন্ন প্রদেশে আরও ২৪০ জন অজ্ঞাত শহীদের দেহাবশেষ নিয়ে শোকযাত্রা ও দাফন কার্যক্রম চলছে।

অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই তেহরানের এনকেলাব ও হাফেজ সড়কের পাশে শোকার্ত মানুষ ও দর্শনার্থীরা জড়ো হতে শুরু করেন। অংশগ্রহণকারীদের সেবা দিতে শোকযাত্রার পথে বিভিন্ন স্থানে বিশেষ স্টেশনও স্থাপন করা হয়।

নিহতদের দেহাবশেষ নির্ধারিত ট্রাকে রাখা হয়। সামরিক সংগীতের মধ্য দিয়ে সেগুলো শোকানুষ্ঠানে আনা হয়।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসব শোকযাত্রায় অংশ নিয়েছেন। আয়োজকদের মতে, এর মধ্য দিয়ে যুদ্ধে নিহতদের প্রতি ইরানি জনগণের শ্রদ্ধা প্রকাশ পেয়েছে।

যারা শোকযাত্রায় অংশ নিতে পারেননি, তাদের জন্য শুক্রবার রাত ১০টা পর্যন্ত ‘মেরাজ-ই-শোহাদা’ স্থানে দেহাবশেষ দেখার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর তৎকালীন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলে ইরাক ইরানে হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে টানা আট বছর যুদ্ধ চলে।