ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর পাঁচ গুরুত্বপূর্ণ কর্মকর্তার বিষয়ে তথ্য চেয়ে সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি জানিয়েছে, কার্যকর তথ্য সরবরাহকারীরা পুরস্কার ও স্থানান্তরের সুযোগ পেতে পারেন।
যাদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে, তারা হলেন—আইআরজিসি কমান্ডার আহমেদ ভাহিদি, খাতেমোলানবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলি আবদুল্লাহি, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের ইউএভি কমান্ডার সাইদ আগাজানি, আইআরজিসি সাইবার ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদরেজা লাশগারিয়ান এবং গোয়েন্দা দপ্তরের কমান্ডার মাজিদ খাদেমি।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব কর্মকর্তার কার্যক্রম সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তি পুরস্কার পাওয়ার পাশাপাশি নিরাপদ স্থানান্তরের সুযোগের জন্য বিবেচিত হতে পারেন।
যুক্তরাষ্ট্র এর আগে আইআরজিসির বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও অন্যান্য পদক্ষেপ নিয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব পদক্ষেপের লক্ষ্য ইরানের সামরিক, গোয়েন্দা ও সাইবার সক্ষমতার ওপর চাপ সৃষ্টি করা।


