...|...|...

বিশ্ব

ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিকম্পে নিহত ২

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, সকাল ৮:৫৮ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, দুপুর ১:০৭
Shares
ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিকম্পে নিহত ২

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ৭.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে আঘাত হানা এ ভূমিকম্পের পর কয়েক ডজন আফটারশক অনুভূত হয়। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে দেশটির কয়েকটি উপকূলীয় এলাকায় ১ মিটারের (প্রায় ৩ ফুট) কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে। তবে ভূমিকম্পের প্রায় তিন ঘণ্টা পর সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা বিএনপিবি জানিয়েছে, সিক্কা রিজেন্সিতে দুজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি ভবনের অংশ ধসে পড়ে ধুলো ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভিডিওতে আতঙ্কিত মানুষজনকে রাস্তায় দৌড়াতে দেখা যায়। রয়টার্স ভিডিওটি পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপের সিক্কা রিজেন্সির প্রধান শহর মাউমেরের একটি বন্দরের বলে যাচাই করেছে।

বিএনপিবি জানিয়েছে, পূর্ব নুসা তেঙ্গারা, পশ্চিম নুসা তেঙ্গারা এবং দক্ষিণ সুলাওয়েসির কিছু এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। অনেক বাসিন্দা প্রায় এক মিনিট ধরে কম্পন অনুভব করার কথা জানিয়েছেন।

এদিকে, পূর্ব নুসা তেঙ্গারার এন্ডে জেলার একটি হাসপাতাল থেকে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কয়েকটি এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে।

ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটে (জিএমটি ২১:৫৮) সমুদ্রপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর পরপরই বেশ কয়েকটি আফটারশক হয়।

অস্ট্রেলিয়ার সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ ভূমিকম্পের কারণে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড, দ্বীপপুঞ্জ বা অঞ্চলগুলোর জন্য কোনো সুনামির হুমকি নেই।