ইন্দোনেশিয়ার উত্তর উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) সকালে দেশটির উপকূলীয় এলাকায় এ কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পের পর ৫ দশমিক ৯, ৫ দশমিক ৬ ও ৬ দশমিক ১ মাত্রার তিনটি আফটারশক অনুভূত হয়েছে। শক্তিশালী এই ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় আগাম সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসজিএসের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, এ ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের সময় প্রায় ৫ লাখ মানুষ শক্তিশালী থেকে তীব্র কম্পন অনুভব করেছেন। এতে ভালোভাবে নির্মিত ভবনে সামান্য থেকে মাঝারি ক্ষতি এবং দুর্বল স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
ভূমিকম্পপ্রবণ অঞ্চল ‘রিং অব ফায়ার’ এর ওপর অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। প্রশান্ত মহাসাগর ঘিরে থাকা এই বলয়টি বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্পপ্রবণ এলাকা, যা জাপান ও ইন্দোনেশিয়া থেকে শুরু হয়ে ক্যালিফোর্নিয়া ও দক্ষিণ আমেরিকা পর্যন্ত বিস্তৃত।

