দীর্ঘদিন ধরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা সামলাতে গিয়ে ইন্টারসেপ্টর মিসাইলের তীব্র সংকটে পড়েছে সৌদি আরব। ফলে নিজেদের আকাশসীমা রক্ষায় অন্য দেশগুলোর কাছে জরুরি সামরিক সাহায্য চেয়েছে রিয়াদ। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।
প্রতিবেদনে বলা হয়, হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের কাছে সৌদি আরবে তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের অনুরোধ জানানো হয়েছে।
সৌদির প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকায় তাদের কাছেও এই মিসাইলের ঘাটতি দেখা দিয়েছে। ফলে বিকল্প হিসেবে এই চার দেশের শরণাপন্ন হয়েছে রিয়াদ। তবে আরব দেশগুলো এখন পর্যন্ত কেবল সহানুভূতি দেখালেও সামরিক সহায়তার কোনো আশ্বাস দেয়নি।
এদিকে বুধবার সৌদি আরব দাবি করে, ইয়েমেনের হুথিরা পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার চেষ্টা করেছিল, যা মক্কার আকাশসীমায় পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে। তবে এই অভিযোগ কঠোরভাবে অস্বীকার করেছে হুথিরা।
এটিকে 'ঘৃণ্য মিথ্যাচার' উল্লেখ করে বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে, সৌদির ভেতরের কেবল তেল অবকাঠামোগুলোই তাদের একমাত্র সামরিক লক্ষ্য।


