আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা বহনকারী একটি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। হামলায় কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে পেন্টাগনের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি অতিক্রমের সময় চারটি ইরানি ড্রোন ও একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে জাহাজটিতে আগুন ধরে যায়। পেন্টাগন জানিয়েছে, হামলার শিকার জাহাজটি মার্কিন সামরিক বাহিনীর সাথে চুক্তিবদ্ধ একটি বাণিজ্যিক জাহাজ ছিল।
আহত সেনাদের আঘাত গুরুতর নয় এবং বর্তমানে তারা উপসাগরীয় অঞ্চলের একটি দেশে চিকিৎসাধীন রয়েছেন। তবে জাহাজে মোট কতজন সেনা ছিলেন কিংবা কতজন আহত হয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি পেন্টাগন। সেন্টকম কিংবা ওয়াশিংটন ও তেহরানের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। সম্প্রতি ইরান হরমুজ প্রণালি ব্যবহারে ইচ্ছুক বিদেশি জাহাজ থেকে টোল আদায়ের ঘোষণা দিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ জারি করেন। এর পর থেকেই দুই দেশের মধ্যে এই সংঘাত নতুন মাত্রা পেয়েছে।


