...|...|...

খেলা

ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল বার্সেলোনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৪২ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:২৮
Shares
ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল বার্সেলোনা

গত মৌসুমে আয় ১ বিলিয়ন (১০০ কোটি) ইউরো ছাড়িয়ে যাওয়ার তথ্য জানিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পর ইউরোপের দ্বিতীয় ফুটবল ক্লাব হিসেবে এক মৌসুমে ১ বিলিয়ন ইউরোর বেশি আয়ের মাইলফলক স্পর্শ করল কাতালান ক্লাবটি।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত আর্থিক প্রতিবেদনে ক্লাবটি জানায়, ২০২৫-২৬ অর্থবছরে বার্সেলোনার মোট আয় দাঁড়িয়েছে রেকর্ড ১০৬ কোটি ইউরোয়। এটি আগের অর্থবছরের চেয়ে ৬ কোটি ৬০ লাখ ইউরো বেশি।

তবে রেকর্ড পরিমাণ আয় হলেও অর্থবছর শেষে লোকসানের মুখ দেখতে হয়েছে বার্সেলোনাকে। সব খরচ হিসাব করে শেষ পর্যন্ত গত মৌসুমে ক্লাবটির নিট লোকসান দাঁড়িয়েছে ১ কোটি ৮০ লাখ ইউরো (১.৮ কোটি)।

কনসাল্টিং ফার্ম ‘ডেলয়েটের’ হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ মৌসুমে ১০৪ কোটি ইউরো আয় করে প্রথম ১ বিলিয়ন ইউরোর ক্লাবে প্রবেশ করেছিল রিয়াল মাদ্রিদ। ২০২৪-২৫ মৌসুমে নিজেদের রেকর্ড ভেঙে তাদের রাজস্ব আয় দাঁড়ায় ১১৬ কোটি ইউরোয়।

আয়ের দিক থেকে এবার রিয়ালের পেছনে অবস্থান নিলেও বিশ্ব ফুটবলে এই দুই স্প্যানিশ জায়ান্টের অর্থনৈতিক আধিপত্যই স্পষ্ট হলো।

সাম্প্রতিক এই আয় বৃদ্ধিকে সংকট কেটে আর্থিক স্থায়িত্বে ফেরার লক্ষণ হিসেবে দেখছে ক্লাব কর্তৃপক্ষ। একই সাথে চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আয়ের নতুন রেকর্ড ১১৯ কোটি ইউরোর পূর্বাভাস দিয়েছে বার্সা।

এ মেয়াদে সব খরচ সামলে অন্তত ১০ লাখ ইউরো নিট মুনাফা দেখার আশাবাদ ব্যক্ত করেছে ক্লাব প্রশাসন।