ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের জন্য এস-৩০০ ক্লোন মিসাইল, গ্যাম-৬৭ মিসাইল এবং ড্রোন প্রতিরোধী রাডারসহ প্রায় ২.৬৮ বিলিয়ন ডলারের একটি সম্ভাব্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
স্টেট ডিপার্টমেন্ট ও কংগ্রেসে পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ইউক্রেন এই প্যাকেজের আওতায় এস-৩০০ ক্লোন মিসাইল, গ্যাম-৬৭ মিসাইল, রেঞ্জ-এক্সটেন্ডেড বা বর্ধিত পাল্লার এয়ার ডিফেন্স লেজার-গাইডেড রকেট মিসাইল সিস্টেম, লঞ্চার মডিফিকেশন কিট এবং কাউন্টার-ড্রোন বা ড্রোন প্রতিরোধী রাডার চেয়েছিল। এছাড়া এই অস্ত্র প্যাকেজের সাথে ইরেক্টেবল মাস্ট ট্রেইলার, খুচরা যন্ত্রাংশ, সফটওয়্যার এবং প্রকৌশল ও লজিস্টিকস সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে।
স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, চুক্তিটি চূড়ান্ত হলে ইউক্রেন এর অর্থায়ন করবে ইউরোপীয় অনুদান এবং পূর্ববর্তী প্রশাসনের অধীনে বরাদ্দকৃত মার্কিন ফরেন মিলিটারি ফাইন্যান্সিংয়ের মাধ্যমে। এই তহবিল ১:১ অনুপাতের রিইম্বার্সমেন্ট বা প্রতিপূরণ প্রক্রিয়ার মাধ্যমে ইউক্রেন পুনর্গঠন বিনিয়োগ তহবিলে মার্কিন অবদান হিসেবে গণ্য হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই প্রস্তাবিত বিক্রয়টি এমন একটি অংশীদার দেশের নিরাপত্তা উন্নত করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি এবং জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যগুলোকে সমর্থন করবে, যারা ইউরোপে রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির একটি চালিকাশক্তি।
ডিপার্টমেন্টের মতে, এই বিক্রির ফলে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় ইউক্রেনের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং এটি এ অঞ্চলের মূল সামরিক ভারসাম্যে কোনো পরিবর্তন আনবে না। এছাড়া এই চুক্তির বাস্তবায়নে ইউক্রেনে অতিরিক্ত কোনো মার্কিন কর্মী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানানো হয়েছে।


