আর্জেন্টিনার কাছে ৭-০ গোলের বড় ব্যবধানে হারের পর বুরকিনা ফাসোর ফুটবল ফেডারেশনের প্রশাসনে সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে। তার এই ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক ফুটবলে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। গোলডটকম ও ফরাসি গণমাধ্যম আরএমসির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ফ্লাইট জটিলতার কারণে বুরকিনা ফাসোর জাতীয় দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ম্যাচে খেলতে অস্বীকৃতি জানান। ফলে তরুণ ও অনভিজ্ঞ ফুটবলারদের নিয়ে একাদশ সাজাতে হয় কোচিং স্টাফকে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে সেই দলটি শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়।
বড় এই হারের পরই দেশের ফুটবল ব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্যে কথা বলেন সামরিক শাসক প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে। তার দাবি, বুরকিনা ফাসোর ফুটবল নানা ধরনের সমস্যায় জর্জরিত। বিদ্যমান সমস্যাগুলো সমাধান না করে ফুটবলে নতুন করে বিনিয়োগ করা সম্ভব নয়। ফুটবলকে সঠিক পথে ফেরাতে চলতি সপ্তাহেই কঠোর ও নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানান তিনি।
ভবিষ্যতের জন্য তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান ট্রাওরে। তার মতে, এসব খেলোয়াড়কে যথাযথভাবে প্রস্তুত করে ভবিষ্যতের আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য তৈরি করা হবে। একই সাথে এই লক্ষ্য পূরণে ফুটবল ফেডারেশনের কার্যক্রমেও পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন তিনি।
ফেডারেশনের সভাপতিকে উদ্দেশ করে ট্রাওরে বলেন, সাধারণ পরিস্থিতিতে রাষ্ট্র ফুটবল ফেডারেশনের প্রশাসনিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করে না। তবে বর্তমান পরিস্থিতিতে তাদের সামনে আর কোনো বিকল্প নেই। ফুটবলের গুণগত পরিবর্তন নিশ্চিত করতেই এবার ফেডারেশনের কার্যক্রমে হস্তক্ষেপের প্রয়োজন দেখা দিয়েছে বলে জানান তিনি।
জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ওই বক্তব্যের সময় ট্রাওরের পাশে বসে ছিলেন বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশনের সভাপতি। প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে তাকে নীরব থাকতে দেখা যায়।
তবে ফুটবল ফেডারেশনের প্রশাসনে প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারি ফিফার নিয়মের সাথে সাংঘর্ষিক হওয়ার আশঙ্কা রয়েছে। ফিফার বিধান অনুযায়ী, সদস্য দেশগুলোর ফুটবল ফেডারেশনকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে স্বাধীনভাবে পরিচালিত হতে হয়। ফলে ট্রাওরের ঘোষিত পদক্ষেপ বাস্তবে কার্যকর হলে বুরকিনা ফাসো আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।
ফিফা র্যাংকিংয়ে বর্তমানে ৬২ নম্বরে থাকা বুরকিনা ফাসোর ফুটবল প্রশাসন নিয়ে পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, এখন সেটিই দেখার বিষয়।



