হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলীয় আকাশসীমায় দ্বিতীয় একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আধা-সরকারি বার্তা সংস্থা ‘মেহর নিউজ এজেন্সি’র তথ্য অনুযায়ী, আইআরজিসি জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে এখন পর্যন্ত হরমুজ প্রণালী এলাকায় এ ধরনের দুটি ঘটনার খবর পাওয়া গেছে।
মেহরের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ঘটনাটি ঘটার পর হরমুজ প্রণালী ও এর আশপাশের এলাকায় সাম্প্রতিক অভিযানে ইরানি বাহিনীর হাতে ভূপাতিত হওয়া মার্কিন-নির্মিত এমকিউ-১ ড্রোনের সংখ্যা চারটিতে পৌঁছেছে।
এমকিউ-১ ড্রোন মূলত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামরিক পর্যবেক্ষণ কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকে।
তবে আইআরজিসির দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


