কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আগামী এক দশকের মধ্যে চিকিৎসাবিজ্ঞানে এমন পরিবর্তন আনতে পারে, যাতে ক্যানসার, আলঝেইমার্স, হৃদরোগ ও মানসিক রোগের মতো জটিল ব্যাধি অতীতের বিষয় হয়ে যেতে পারে—এমন দাবি করেছেন জনপ্রিয় এআই মডেল ‘ক্লড’-এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী ডারিও আমোদেই।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আমোদেই মনে করেন, সঠিকভাবে এআই ব্যবহার করা গেলে জীববিজ্ঞান গবেষণা ও ওষুধ আবিষ্কারের গতি বহুগুণ বাড়ানো সম্ভব। এমনকি বহু বছর ধরে অমীমাংসিত থাকা জটিল স্বাস্থ্যসমস্যার সমাধানও দ্রুত পাওয়া যেতে পারে।
শুধু আমোদেই নন, এআই নিয়ে একই ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন ইলন মাস্ক এবং গুগলের এআই প্রধান ডেমিস হাসাবিসও। হাসাবিসের মতে, যেখানে নতুন ওষুধ আবিষ্কারে বছরের পর বছর সময় লাগে, এআই সেই সময় কয়েক সপ্তাহে নামিয়ে আনতে পারে।
ইতোমধ্যে গুগলের ‘আলফাফোল্ড’ কোটি কোটি প্রোটিনের গঠন বিশ্লেষণে বড় অগ্রগতি দেখিয়েছে। গবেষকদের মতে, এই প্রযুক্তি জীববিজ্ঞান ও ওষুধ গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। অন্যদিকে ইলন মাস্ক আশা করছেন, এআইয়ের অগ্রগতির ফলে ভবিষ্যতে সাধারণ মানুষও অত্যন্ত উন্নতমানের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে।
তবে প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের এমন আশাবাদের সাথে পুরোপুরি একমত নন চিকিৎসা ও ওষুধশিল্পের অনেক বিশেষজ্ঞ।
ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভার্টেক্স ফারমাসিউটিক্যালসের নির্বাহী চেয়ারম্যান জেফ লাইডেন এ ধরনের সময়সীমাকে বাস্তবসম্মত মনে করেন না। তিনি জানান, প্রায় ১০ হাজার রাসায়নিক যৌগ বিশ্লেষণের জন্য ৫০টি এআই প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হলেও শেষ পর্যন্ত এআই নিজে থেকে কার্যকর কোনো ওষুধ তৈরি করতে পারেনি।
বিশেষজ্ঞদের মতে, কম্পিউটার স্ক্রিনে সম্ভাব্য ওষুধের অণু বা মলিকিউল শনাক্ত করাই কোনো রোগের চিকিৎসা আবিষ্কারের সমান নয়। এরপর প্রয়োজন হয় ল্যাবরেটরি পরীক্ষা, প্রাণীর ওপর পরীক্ষা, মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল এবং দীর্ঘ অনুমোদন প্রক্রিয়া। পুরো প্রক্রিয়ায় সাধারণত ১০ থেকে ১২ বছরও সময় লাগতে পারে।
চিকিৎসাবিষয়ক বিশেষজ্ঞ এরিক টোপোল এবং প্রযুক্তি গবেষক গ্যারি মার্কাসও মনে করেন, মানবদেহের জটিল জৈবিক প্রক্রিয়া পুরোপুরি বুঝে স্বয়ংক্রিয়ভাবে ওষুধ আবিষ্কারের মতো সক্ষমতা বর্তমান এআই মডেলগুলোর এখনও তৈরি হয়নি।
তাদের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত এআই দিয়ে সম্পূর্ণভাবে উদ্ভাবিত কোনো নতুন ওষুধ আনুষ্ঠানিকভাবে বাজারে আসেনি। তাই এআইয়ের সম্ভাবনা নিয়ে আশাবাদ থাকলেও অবাস্তব সময়সীমা নির্ধারণ করে মানুষের মধ্যে অতিরিক্ত প্রত্যাশা তৈরি না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।


