আগামী জাতীয় সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত আইন পাস হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীতে নিউ এজ পত্রিকা আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে এ ব্যবস্থা চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি ও বিদ্যুৎ সংকটের বিষয়ে মন্ত্রী বলেন, এ সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক এবং সহনীয় রাখতে সরকার কাজ করছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহ ও দামে অস্থিরতা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। প্রয়োজনে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যাতে জ্বালানির বাড়তি ব্যয়ের চাপ সাধারণ মানুষের ওপর না পড়ে।
মন্ত্রী বলেন, নাগরিকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা নির্বাচিত সরকারের অন্যতম দায়িত্ব। যেকোনো পরিস্থিতিতে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
গ্যাসের সরবরাহ ঘাটতি মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। চাহিদা বিবেচনায় এসব টার্মিনাল স্থাপন করা হলে গ্যাস সরবরাহ বাড়াতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
সৌরবিদ্যুৎ ব্যবহারের প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ বলেন, সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে বাসাবাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহারে মানুষের আগ্রহ বাড়বে। একই সাথে এ খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
সোলার প্যানেলের মান নিয়ন্ত্রণের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের বাজারে সৌরবিদ্যুৎ পণ্যের গুণগত মান নিশ্চিত করতে সরকার সচেতন রয়েছে। জনস্বার্থ রক্ষায় এ বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে।
তিনি আরও জানান, স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সৌরবিদ্যুৎ ব্যবস্থা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ স্থাপন ও সেবা নিশ্চিত করতে ৮ হাজার ৬০০টি সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্ত করা হয়েছে।
নাগরিক জীবন স্বাভাবিক ও স্বস্তিদায়ক রাখতে সরকার বিভিন্ন প্রস্তুতি নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখা এবং জনগণের পাশে থাকতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।


