ফুটবলে গোলরক্ষকদের দায়িত্ব মূলত প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো। তবে দলবদলের বাজারেও এখন তাদের চাহিদা ও মূল্য বেড়েছে উল্লেখযোগ্যভাবে। সম্ভাব্য ট্রান্সফার মূল্যের হিসাবে বর্তমান বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক বার্সেলোনার স্প্যানিশ তারকা জোয়ান গার্সিয়া। তার মূল্য ধরা হয়েছে ৮ কোটি ৬ লাখ ইউরো। এই তালিকায় পরের দুটি স্থানে রয়েছেন ম্যানচেস্টার সিটির জিয়ানলুইজি ডোনারুম্মা ও ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্নে ল্যামেন্স।
সম্প্রতি সিআইইএস ফুটবল অবজারভেটরির প্রকাশিত এক মূল্যায়নে বিশ্বের শীর্ষ গোলরক্ষকদের সম্ভাব্য দলবদল মূল্যের তালিকা উঠে এসেছে। সেখানে ২৫ বছর বয়সী গার্সিয়াকে রাখা হয়েছে শীর্ষে।
বার্সেলোনার সাথে ২০৩১ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ গার্সিয়ার সম্ভাব্য মূল্য ৮ কোটি ৬ লাখ ইউরো। দ্বিতীয় স্থানে থাকা ইতালিয়ান গোলরক্ষক ডোনারুম্মার মূল্য ৭ কোটি ৯৯ লাখ ইউরো। ম্যানচেস্টার সিটির এই গোলকিপারের চুক্তির মেয়াদও ২০৩১ সালের জুন পর্যন্ত।
তৃতীয় স্থানে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের বেলজিয়ান গোলরক্ষক সেন্নে ল্যামেন্স। তার সম্ভাব্য দলবদল মূল্য ৬ কোটি ৪২ লাখ ইউরো।
সিআইইএস তাদের নিজস্ব পরিসংখ্যানভিত্তিক মডেলে খেলোয়াড়দের অতীত ও সাম্প্রতিক পারফরম্যান্সসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে এই মূল্য নির্ধারণ করেছে।
শীর্ষ ১০ গোলরক্ষকের তালিকায় ইংলিশ প্রিমিয়ার লিগের আধিপত্যও চোখে পড়ার মতো। তালিকার সাতজনই খেলছেন এই লিগে। বাকি তিনজন হলেন বার্সেলোনার গার্সিয়া, পিএসজির মাতভি সাফোনভ এবং বায়ার্ন মিউনিখের জোনাস আরবিগ। তাদের অবস্থান যথাক্রমে প্রথম, নবম ও দশম।
শীর্ষ দশে জায়গা না হলেও ১১তম স্থানে রয়েছেন লিডসের ইংলিশ গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড। তার সম্ভাব্য দলবদল মূল্য ৪ কোটি ৮৯ লাখ ইউরো।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাইরে পর্তুগালের পোর্তোর গোলরক্ষক ডিয়েগো কস্তা সবচেয়ে এগিয়ে রয়েছেন। সিআইইএসের মূল্যায়নে তিনি পিএসভি আইন্দহোভেনের মাতেই কোভার ও ওয়েস্ট হ্যামের ম্যাডস হারমানসেনের চেয়ে এগিয়ে।
এদিকে তালিকার সবচেয়ে কম বয়সী গোলরক্ষক বেলজিয়ামের ক্লাব গেঙ্কের লুকা ব্রুঘমান্স। ১৮ বছর ৪ মাস বয়সী এই তরুণের সম্ভাব্য মূল্য ২ কোটি ৩৮ লাখ ইউরো। শীর্ষ ১০০ গোলরক্ষকের তালিকায় অনূর্ধ্ব-২১ বয়সী খেলোয়াড় রয়েছেন মাত্র তিনজন। ব্রুঘমান্স ছাড়াও আছেন আরবি সালজবুর্গের ক্রিস্তিয়ান জাওইশিৎজকি ও ব্রাজিলের ক্রুজেইরোর ওতাভিও।



