আইপিএলের গত আসরে দল পেয়েও শেষ পর্যন্ত খেলার সুযোগ হয়নি বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। এবার আবারও বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে খেলার আগ্রহ দেখিয়েছেন তিনি। আসন্ন আসরের মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন এই টাইগার পেসার। তার সাথে বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারও নিলামে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
আগামী ১৬ ডিসেম্বর ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা আইপিএল-২০২৭-এর মিনি নিলাম। এই নিলামকে সামনে রেখে বাংলাদেশি ক্রিকেটারদের নিবন্ধনের তালিকা চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই প্রক্রিয়ায় মুস্তাফিজসহ বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার নাম জমা দিয়েছেন।
গত আসরে মুস্তাফিজকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বিসিসিআইয়ের নির্দেশে তাকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা। ফলে আইপিএলে খেলার সুযোগ হারান বাংলাদেশের এই পেসার।
মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এর জেরে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। শেষ পর্যন্ত ভারতে অনুষ্ঠিত সেই আসরে দল পাঠায়নি বাংলাদেশ।
এবারের নিলামে মুস্তাফিজের পাশাপাশি বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার আগ্রহ দেখিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন পেসার হাসান মাহমুদ, লেগ স্পিনার রিশাদ হোসেন ও পেসার নাহিদ রানা। এ ছাড়া আরও কয়েকজন ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছেন বলে জানা গেছে।
নিয়ম অনুযায়ী, আসন্ন নিলামে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিবন্ধনের সুযোগ পাবেন। আইপিএলের গত আসরের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটারের নাম থাকলেও শেষ পর্যন্ত দল পেয়েছিলেন কেবল মুস্তাফিজ। এবার নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কারা দল পান, সেটিই দেখার অপেক্ষা।


