আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থায় (আইএইএ) ইউরোপীয় দেশগুলোর নতুন খসড়া প্রস্তাব অনুমোদন পেলে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ইরান।
ইউরোপীয় দেশগুলো এবং আইএইএ পারমাণবিক স্থাপনাগুলোর পরিদর্শন চায়, বিশেষ করে যেসব স্থাপনায় হামলা হয়েছে সেগুলোর। ওই প্রস্তাব পাস হলে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানোর পথ তৈরি করতে পারে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, 'ইউরোপীয় দেশগুলো যখনই অন্য ক্ষেত্রে ব্যর্থ হয়, তখন তারা পারমাণবিক ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে; অথবা উল্টোভাবে, আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার মহাপরিচালক নিজেই ইরানের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির জন্য এমন অপব্যবহারের সুযোগ করে দেন।'
ইরান, চীন ও রাশিয়ার অবস্থান সঠিক দাবি করে তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে "পথ বন্ধ হয়ে গেছে" এবং সংস্থাটির পক্ষে পরিদর্শন করা সম্ভব নয়।


