টলিউডে পুরোনো মনোমালিন্য ভুলে তারকাদের নতুন করে একসাথে কাজ করার নজির নতুন নয়। এবার সেই তালিকায় নাম লেখাচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী মিমি চক্রবর্তী।
প্রায় ১১ বছরের বিরতি এবং ব্যক্তিগত সম্পর্কের নানা টানাপোড়েন পেছনে ফেলে রাজের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আবার দেখা যাবে এই জনপ্রিয় অভিনেত্রীকে।
পর্দার আড়ালে সম্পর্ক যেমনই থাকুক, পরিচালক ও অভিনেত্রী হিসেবে রাজ-মিমি জুটি বরাবরই দর্শকদের উপহার দিয়েছে একের পর এক সাড়া জাগানো সিনেমা। ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ এবং ‘যোদ্ধা’র মতো সিনেমাগুলো দুই বাংলার দর্শকদের মন জয় করেছিল।
২০১৫ সালে মুক্তি পাওয়া ‘কাটমুণ্ডু’ ছবিতে শেষবারের মতো রাজের নির্দেশনায় অভিনয় করেছিলেন মিমি। তারপর থেকে কেটে গেছে এক দশকেরও বেশি সময়।
ভারতীয় সংবাদমাধ্যম ‘TV9 বাংলা’- এর প্রতিবেদন অনুযায়ী, এত দিন পর দুই পক্ষের মধ্যে বরফ গলতে শুরু করেছে। জানা গেছে, রাজের প্রযোজনা সংস্থা ‘রাজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’ সম্প্রতি মিমির কাছে একটি নতুন প্রকল্পের প্রস্তাব দিয়েছে। একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য এই ছবিটি নির্মাণ করছেন পরিচালক অয়ন চক্রবর্তী।
গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় মিমিও এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে। সবকিছু পরিকল্পনামাফিক চললে চলতি সেপ্টেম্বরের শেষ দিকেই শুরু হতে পারে ছবিটির শুটিং।
রাজ-মিমি জুটির এই নতুন যাত্রা নিয়ে টলিউডসহ দুই বাংলার সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।



