...|...|...

বিনোদন

টুপাক শাকুর হত্যা মামলায় ৩০ বছর পর দোষী সাব্যস্ত সাবেক গ্যাং লিডার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:২০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০৭
Shares
টুপাক শাকুর হত্যা মামলায় ৩০ বছর পর দোষী সাব্যস্ত সাবেক গ্যাং লিডার

বামে সাবেক গ্যাং লিডার ডুয়েন কেফে ডি ডেভিস ও ডানে র‍্যাপার টুপাক শাকুর। ছবি: সংগৃহীত

কিংবদন্তি র‍্যাপার টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার ডুয়েন ‘কেফে ডি’ ডেভিসকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। সোমবার (৩১ আগস্ট) লাস ভেগাসের আদালত প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে। প্রায় তিন দশক ধরে অমীমাংসিত থাকা এই আলোচিত মামলায় এটিই প্রথম দোষী সাব্যস্তের ঘটনা।

১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর লাস ভেগাসে একটি চলন্ত গাড়ি থেকে গুলি চালিয়ে ২৫ বছর বয়সী র‍্যাপ সুপারস্টার টুপাক শাকুরকে হত্যা করা হয়েছিল। রায় ঘোষণার সময় কালো স্যুট পরিহিত ৬৩ বছর বয়সী ডেভিস আদালতে অনেকটা নির্বিকার ছিলেন এবং পরবর্তীতে আপিল করার ইচ্ছা প্রকাশ করেন।

কৌঁসুলিদের দাবি অনুযায়ী, সাউথ সাইড কম্পটন ক্রিপস গ্যাংয়ের সাবেক এই নেতা নিজে সরাসরি গুলি না চালালেও হামলার নির্দেশ দিয়েছিলেন এবং হামলায় ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিলেন- যা ব্যবহার করেছিলেন তার ভাতিজা অরল্যান্ডো অ্যান্ডারসন। অ্যান্ডারসন নিজেও ২০০৮ সালে এক গুলিবিদ্ধ ঘটনায় নিহত হন, তবে মৃত্যুর আগে তিনি এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছিলেন। প্রসিকিউটরদের ভাষ্যমতে, লাস ভেগাসে টুপাক ও তার সঙ্গীদের সঙ্গে অ্যান্ডারসনের হওয়া মারামারির প্রতিশোধ হিসেবেই এই হামলার পরিকল্পনা করেন ডেভিস।

এই মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডেভিসের নিজের একাধিক স্বীকারোক্তি। ২০০৮ সালে অন্য এক র‍্যাপার নটোরিয়াস বিআইজি হত্যা মামলার তদন্তের সময় দেওয়া এক গোপন পুলিশি সাক্ষাৎকারে তিনি এই হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা জানিয়েছিলেন। পরবর্তীতে ২০১৯ সালে প্রকাশিত নিজের আত্মজীবনীতেও তিনি এ বিষয়ে বিস্তারিত লেখেন। তবে বই প্রকাশ ও সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কারণে কর্তৃপক্ষের সঙ্গে থাকা তার একটি সুরক্ষামূলক চুক্তি বাতিল হয়ে যায়, যার ফলে আদালত তার পুলিশি সাক্ষাৎকারকে বিচারে প্রমাণ হিসেবে ব্যবহারের অনুমতি দেয়।

সমাপনী বক্তব্যে কৌঁসুলি বিনু পালাল জুরিদের উদ্দেশে বলেন, দীর্ঘদিন ধরে তথ্যচিত্র, আত্মজীবনী, পডকাস্ট ও পুলিশি সাক্ষাৎকারে ডেভিস নিজেই এই হত্যাকাণ্ডে নিজের দায় স্বীকার করে আসছিলেন।

তবে বিচার চলাকালীন ডেভিসের আইনজীবী পক্ষ জুরিদের বোঝানোর চেষ্টা করে যে তার এসব বক্তব্য কেবল বই বিক্রি ও অর্থ উপার্জনের উদ্দেশ্যে তৈরি করা অতিরঞ্জিত গল্প। আইনজীবী মাইকেল স্যানফট দাবি করেন, তার মক্কেলের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই।

মামলাটি জুরিদের কাছে হস্তান্তরের কয়েক ঘণ্টার মধ্যেই তারা ডেভিসকে দোষী সাব্যস্ত করেন। রায় ঘোষণার সময় টুপাকের পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন- তার বোন একজন কৌঁসুলিকে জড়িয়ে ধরেন, আদালতের বাইরে ভক্তদেরও কান্না ও উল্লাস করতে দেখা যায়।

ক্লার্ক কাউন্টি জেলা আদালতের বিচারক কার্লি কিয়ের্নি ডেভিসের সাজা ঘোষণার দিন ধার্য করেছেন আগামী ১৩ অক্টোবর। রায় শোনার পর ডেভিস নিজের ব্যক্তিগত জিনিসপত্র (যেমন ফোন) ফেরত চাওয়ার পাশাপাশি আপিলের ইচ্ছা প্রকাশ করেন, যার জবাবে বিচারক জানান সাজা ঘোষণার পরই তিনি আপিল করতে পারবেন।

টুপাক শাকুর ছিলেন হিপ-হপ সংগীতের অন্যতম প্রভাবশালী শিল্পী, যার বিশ্বব্যাপী সাড়ে সাত কোটির বেশি রেকর্ড বিক্রি হয়েছে। তার হত্যাকাণ্ড ঘটে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের র‍্যাপ সংগীত জগতে পূর্ব ও পশ্চিম উপকূলের শিল্পীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং ব্লাডস-ক্রিপস গ্যাং বিরোধের গভীর প্রভাব ছিল।