...|...|...

জাতীয়

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, বিকেল ৫:২৬ | আপডেট: ১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৫৩
Shares
অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সবার জন্য সমান আইন নিশ্চিত করতে সরকার সর্বশক্তি দিয়ে কাজ করবে বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, 'দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। গত ১৭ বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট এ দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় দিয়েছে এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দেশ পরিচালনার দায়িত্ব বিএনপিকে দিয়েছে। জনগণের এই আস্থা রেখে বিএনপি নিশ্চিত করবে—আইন সবার জন্য সমান।'

রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টার সমালোচনা করে তারেক রহমান বলেন, 'কিছু রাজনৈতিক দল ও গুপ্তদল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে।

অথচ ১৯৭১ সালে তাদের কী ভূমিকা ছিল, কীভাবে মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছিল, তা দেশের প্রবীণ মানুষের মনে আছে। আজও তারা নারী নির্যাতন ও অপরাধে জড়িয়ে মিডিয়ার সামনে নীতিবাক্য ঝাড়ছে। অন্যকে নসিহত করার আগে তাদের আগে নিজেদের ঘর সামলানো উচিত।'

সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও স্বাস্থ্যসেবার মতো উন্নয়নমূলক কাজে বিঘ্ন ঘটালে দিনশেষে দেশের সাধারণ মানুষেরই ক্ষতি হবে বলে তিনি সতর্ক করেন।

এর আগে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে গৃহীত মুহুরী-কহুয়া নদী প্রকল্পের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ২০৩০ সালের মধ্যে শেষ হতে যাওয়া এই প্রকল্পের আওতায় ৬৭.৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, নদী তীর সংরক্ষণ ও পুনঃখনন করা হবে।

দিনব্যাপী ফেনী সফরে ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ, সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন, ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন স্থানীয় কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।