...|...|...

বিশ্ব

অক্টোবরে ইউরোপে তেল দেবে না আরামকো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৫৪ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:২০
Shares
অক্টোবরে ইউরোপে তেল দেবে না আরামকো

ছবি: সংগৃহীত

সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইনে হামলার ঘটনার পর আগামী অক্টোবর মাসে ইউরোপের অন্তত দুটি শোধনাগারে অপরিশোধিত তেল সরবরাহ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকো। ব্লুমবার্গের একটি প্রতিবেদনের বরাতে এই তথ্য জানা গেছে।

সাধারণত ইউরোপীয় শোধনাগারগুলো দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অপরিশোধিত তেল কিনে থাকে আরামকোর কাছ থেকে। তবে বিষয়টির সঙ্গে পরিচিত সূত্রের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, আগামী মাসের জন্য নির্ধারিত এই সরবরাহ দেওয়া হবে না বলে অন্তত দুটি ক্রেতা প্রতিষ্ঠানকে ইতিমধ্যে অবহিত করেছে আরামকো। এর আগেও সৌদি পক্ষ থেকে ইউরোপীয় ক্রেতাদের সতর্ক করে বলা হয়েছিল, কিছু তেলের চালান বাতিল হতে পারে।

এই সংকটের মূল কারণ সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে চালানো ড্রোন হামলা। হামলায় পাইপলাইনের তিনটি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে পাইপলাইনের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। একই সঙ্গে ব্যাহত হয় লোহিত সাগরতীরবর্তী ইয়ানবু বন্দরে তেল ওঠানো-নামানোর স্বাভাবিক কার্যক্রমও।

সরবরাহ বিঘ্নের প্রেক্ষাপটে বেশ কয়েকটি ইউরোপীয় ক্রেতা প্রতিষ্ঠান এখন বিকল্প উৎস থেকে অপরিশোধিত তেল সংগ্রহে মনোযোগ দিয়েছে। এদের মধ্যে অন্যতম পোল্যান্ডের শোধনাগার প্রতিষ্ঠান ওরলেন। ব্যবসায়ী সূত্রের বরাতে জানা গেছে, সৌদি তেলের ঘাটতি সামাল দিতে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে উত্তর সাগর অঞ্চল থেকে অপরিশোধিত তেল কিনেছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে আরও উঠে এসেছে, আরামকো আগামী কয়েক দিনের মধ্যেই পাইপলাইনটির আংশিক কার্যক্রম চালুর চেষ্টা করছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, আগামী ছয় সপ্তাহের মধ্যে পাইপলাইনটিকে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনা।

এদিকে লোহিত সাগরপথে তৈরি হওয়া ঘাটতি পুষিয়ে নিতে সৌদি আরামকো উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেল রফতানি বাড়িয়ে দিয়েছে। ওমানের সোহার বন্দরের কাছাকাছি এলাকায় জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে এই বাড়তি সরবরাহ কার্যক্রম চালানো হচ্ছে।

সূত্র: ব্লুমবার্গ