...|...|...

বিশ্ব

পশ্চিম তীরে ইসরায়েলের বসতি প্রকল্প, যুক্তরাজ্যসহ ৫ দেশের নিন্দা

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, সকাল ৯:৫১ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, রাত ১০:৫৬
Shares
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি প্রকল্প, যুক্তরাজ্যসহ ৫ দেশের নিন্দা

অধিকৃত পশ্চিম তীরের গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় ১ হাজার ২০০টি বসতবাড়ি নির্মাণের জন্য টেন্ডার আহ্বানের পরিকল্পনা করেছে ইসরায়েল। দেশটির এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা। পাঁচ দেশ এ পরিকল্পনাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের এ পরিকল্পনা শান্তির সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থানকে দুর্বল করবে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের পরিকল্পিত বসতিগুলো জেরুজালেমের পূর্বে অবস্থিত ই-১ এলাকায় নির্মাণের কথা রয়েছে। আন্তর্জাতিক চাপের কারণে কয়েক দশক ধরে এ এলাকায় বসতি নির্মাণের পরিকল্পনা থেকে বিরত ছিল ইসরায়েল।

ফিলিস্তিনিরা ও ইসরায়েলের কয়েকজন মিত্রের আশঙ্কা, ই-১ এলাকায় বসতি নির্মাণ হলে পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে এবং পূর্ব জেরুজালেম বিচ্ছিন্ন হয়ে যাবে। এতে ফিলিস্তিন ও ইসরায়েলকে নিয়ে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা বড় ধরনের ধাক্কা খেতে পারে।

যৌথ বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে বেসামরিকদের ওপর বসতিস্থাপনকারীদের নজিরবিহীন সহিংসতা এবং ফিলিস্তিনি অর্থনীতির ওপর গুরুতর বিধিনিষেধের মধ্যে ইসরায়েলের এ সিদ্ধান্ত আরও উদ্বেগজনক।

পাঁচ দেশ আরও বলেছে, নতুন বসতি নির্মাণের পরিকল্পনা শুধু শান্তির পথকে আরও কঠিন করবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থানকেও আরও ক্ষতিগ্রস্ত করবে।

এদিকে জাতিসংঘের মহাসচিবও পৃথক এক বিবৃতিতে ই-১ এলাকায় ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনাকে একটি সংলগ্ন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ‘অস্তিত্বের হুমকি’ হিসেবে উল্লেখ করেছেন। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রীও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন।

আন্তর্জাতিক আইনের আওতায় অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। তবে ইসরায়েল এ অবস্থানের সঙ্গে একমত নয়।