পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত মন্তব্যের সমালোচনা করেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ড. মির্জা গালিব। তার অভিযোগ, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলেও কিছু মানুষের মধ্যে দমন-পীড়নের মানসিকতা রয়ে গেছে।
সোমবার (২৬ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে আইজিপির বক্তব্যের সমালোচনা করে এসব কথা লেখেন ড. মির্জা গালিব।
পোস্টে তিনি লেখেন, ‘পুলিশের আইজিপি অবশেষে মুখ দিয়ে মনের কথাটা বলে ফেলেছেন। সরকার যদি অনুমতি দেয় তাহলে উনার নেতৃত্বে পুলিশ বাহিনী ক্রসফায়ার করতে পুরোপুরি রেডি আছে। আসলে উনি বলতে চাইছেন, অনেকদিন ধরে ক্রসফায়ার করতে উনাদের হাত নিশপিশ করতেছে। যদি সরকার বাহাদুর একটু অনুমতি দেয়!’
তিনি আরও লেখেন, ‘হাসিনা চলে গেছে, কিন্তু উনাদের মনের মধ্যে একটা করে খুনী হাসিনা বসবাস করে। শুধু সময় আর সুযোগের অপেক্ষায় গুপ্ত হয়ে আছে, এই যা।’
আইজিপির মতো গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের বক্তব্য দেওয়ার সমালোচনা করে মির্জা গালিব লেখেন, ‘যে কোন সভ্য দেশে আইজিপির মত পজিশান থেকে কেউ যদি এই রকম কথা বলত, তার আর চাকরি করতে পারার কথা না। জুলাইয়ের পরের বাংলাদেশেও করতে পারার কথা না। সরকারী কর্মকর্তাদের দায়িত্ব সংবিধানের অধীনে দেশকে, জনগণকে সার্ভিস দেয়া। সরকারের জন্য ভাড়াটে খুনীর কাজ করা না।’

