বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে নিজের আগের অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আসিফ আকবর লেখেন,‘দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনের প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী।’
ভারতে অবস্থানরত শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের অনলাইন যুক্ত থাকা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সেই বিতর্কের জেরেই আসিফ আকবরের কাছ থেকে এই বক্তব্য এলো।
এর আগে সাকিবের প্রতি প্রকাশ্য সমর্থন ও প্রশংসা জানিয়ে আসছিলেন আসিফ আকবর। গত মার্চে লন্ডনে সাকিবের ৩৯তম জন্মদিনে তার সঙ্গে কেক কাটার ভিডিওতে সাকিবকে ‘নবাব’ সম্বোধন করেছিলেন তিনি। পরবর্তীতে বিসিবিতে সাকিবের আইনি জটিলতা নিরসন করে তাকে ক্রিকেটে ফেরানোর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছিলেন আসিফ আকবর।
১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্ম নেওয়া সাকিব আল হাসান দীর্ঘ দিন ব্যাট-বলে অসাধারণ পারফর্ম করে বিশ্বসেরা অলরাউন্ডারের স্বীকৃতি পান। দেশের ক্রিকেটের অনেক ঐতিহাসিক জয়ের পেছনে রয়েছে তার বড় অবদান।
তবে ক্যারিয়ারের শেষভাগে এসে রাজনীতিতে যুক্ত হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন সাকিব। ২০২৪ সালের আগস্টে সরকারের পতনের পর তিনি আর দেশে ফেরেননি। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং জাতীয় দলেও অনিশ্চয়তা তৈরি হয়।
বাংলাদেশ দলের হয়ে সাকিব সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে মাঠে নামেন। কানপুরেই তিনি নিজ দেশে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে রাজনৈতিক বিতর্কের কারণে বর্তমানে সাকিবের জাতীয় দলে ফেরার বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

